গড়াচ্ছে না বিপিএলের আসন্ন আসর। গোছানো ও পরিচ্ছন্নভাবে আয়োজনের লক্ষ্যেই এবছর স্থগিত রাখা হয়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল বিষয়টি জানিয়েছেন। তার মতে, ফ্র্যাঞ্চাইজিদের চুক্তিহীনভাবে টুর্নামেন্টে অংশ নেওয়া, খেলোয়াড় ও হোটেলের বকেয়া পরিশোধ না করাসহ নানা অনিয়ম আর যেন না হয় তাই এই পদক্ষেপ।
বলেছেন, ‘বিপিএল আয়োজন করতে গিয়ে বোর্ডের আর্থিক ক্ষতি হলেও সেটি মেনে নেওয়ার সক্ষমতা বিসিবির রয়েছে। তবে টুর্নামেন্টে মাঠের খেলা ও আর্থিক লেনদেন-দুই ক্ষেত্রেই শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।’
বিপিএল বন্ধ নয় বরঞ্চ স্থগিত করা হয়েছে বলে জানান তামিম। বলেছেন, ‘বিপিএল বন্ধ বা বাদ না, বিপিএল স্থগিত। আমরা বিপিএলটাকে ভালো করে আয়োজন করার চেষ্টা করব… সুন্দর-পরিচ্ছন্ন বিপিএল আয়োজনের চেষ্টা করব। এটার জন্য যদি আমার একটু সময় লাগে, এটার জন্য যদি কিছু কিছু মানুষের কষ্ট হয়, খারাপ লাগে, মেনে নিলাম।’
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পরিচালনায় চুক্তি ও অর্থ পরিশোধের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি। তামিমের ভাষায়, ‘চুক্তি সই না করে দলগুলো খেলে ফেলা, খেলোয়াড় ও হোটেল পেমেন্ট না দেওয়া-দুই দিকই খারাপ থাকতে পারে না।’
অতীতে যাচাই-বাছাই ছাড়াই কিছু ফ্র্যাঞ্চাইজিকে দল দেওয়ার কারণে বিতর্কিত হয়েছিল বিপিএল। সেসময় তৎকালীন বোর্ডকে নাকি সতর্কও করেছিলেন তামিম ইকবাল। বলেছেন, ‘আমি নিজে গিয়ে বলেছিলাম এই দুইটা ফ্র্যাঞ্চাইজিকে দল দিয়েন না, বিপদে পড়বেন। যার মধ্যে একটা ছিল রাজশাহী। ঠিক ওই দুই ফ্র্যাঞ্চাইজির কারণেই কিন্তু বিপদে পড়েছে।’
ক্রিকেটারদের হতাশার বিষয়টি স্বীকার করেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কঠোর থাকার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। তার মতে, দীর্ঘমেয়াদে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এখন বেশি গুরুত্বপূর্ণ।









