কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ‘এফবি তাহসিন’ নামে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা আট জেলের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও দুজন নিখোঁজ রয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে মহেশখালী চ্যানেলের নাজিরারটেক পয়েন্টের খাড়িরমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার মৃত মোক্তল হোসেনের ছেলে ফয়েজ আহমদ এবং মেহেরিয়াপাড়ার সোহাগ মিয়ার ছেলে সাইফুল ইসলাম।
নিখোঁজ দুই জেলে হলেন জাগিরাঘোনা এলাকার আব্দুর রশিদের ছেলে মহিবুল্লাহ এবং খোন্দকারপাড়া এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে নুরুল আলম।
স্থানীয়রা জানান, সাগরে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ার পর নিখোঁজ জেলেদের উদ্ধারে আশপাশের মাছ ধরার ট্রলারগুলো এগিয়ে আসে। পরে চারজনকে জীবিত উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর সাগরে ভাসমান অবস্থায় ফয়েজ আহমদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন অন্য জেলেরা।
এখনও মহিবুল্লাহ ও নুরুল আলমের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে সাগরে অভিযান চালানো হচ্ছে।
দুর্ঘটনাকবলিত ট্রলারটির মালিক মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকার ফরিদ আলম।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বলেন, বিষয়টি জেনেছি। নিখোঁজদের উদ্ধারে সন্ধান চালানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।









