যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ দাবা ও ক্যারাম প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়।
প্রতিযোগিতার দাবা ছাত্র ক্যাটাগরিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সাজ্জাদুল হাসান নাঈম ও মো. আরিফুল ইসলাম চ্যাম্পিয়ন এবং ক্লাইমেট ডিসাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অপূর্ব দেবনাথ ও নাফিউল ইসলাম সিয়াম রানার-আপ হয়েছেন।

ছাত্রী ক্যাটাগরিতে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের জাকওয়ানা জুঁই ও নিশাত তাসনিম মিম চ্যাম্পিয়ন এবং ইংরেজি বিভাগের সানজিদা আলম তিশা ও ফাল্গুনি অধিকারী রানার-আপ হয়েছেন।
ক্যারাম ছাত্র ক্যাটাগরিতে ম্যানেজমেন্ট বিভাগের মো. আহসান হাবীব, মো. মিদ্দিন, মাশফি চৌধুরী অনিন ও মৃন্ময় মণ্ডল চ্যাম্পিয়ন হয়েছেন। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. সিফাত হাওলাদার, এনায়েত শেখ, মো. ইসরাফিল আহমেদ ও মো. রাইয়ান রহমান হয়েছেন রানার-আপ।
ছাত্রী ক্যাটাগরিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের জান্নাতুল ইসলাম রুমি, চসাউ রোয়াজা, সাদিয়া আক্তার ও মাহবুবা হাসনা চ্যাম্পিয়ন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মারশিয়া সুলতানা, অনিন্দিতা মজুমদার, সামিয়া ফেরদৌস ও মাসাবা রহমান সুচি রানার-আপ হয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী ও আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আনন্দ ও গর্বের বিষয়। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনা ও গবেষণার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি শরীরচর্চার গুরুত্ব রয়েছে। যবিপ্রবি ক্রীড়াক্ষেত্রে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এ সাফল্য ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দপ্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা দাবা ও ক্যারাম প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।









