এশিয়ান গেমসের আগে প্রস্তুতির জন্য চীনে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার রাতে রওনা দেবে। তার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক মারিয়া মান্দা। বাটলার বলে গেলেন, বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই।
সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মূলত সাফের দলের সাথে মিল রয়েছে। চীন থেকে বাংলাদেশ দল সরাসরি জাপানে রওনা হবে।
কোচ বাটলারের কাছে প্রশ্ন যায় বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নিয়ে। বলেছেন, ‘না। বাংলাদেশের আপাতত পদক জয়ের কোন সম্ভাবনা দেখছি না। আমাদের প্রতিপক্ষ অনেক শক্ত দল।’
‘বুঝতে হবে দেয়ালের অন্যপাশে কী আছে। অর্থাৎ, প্রতিপক্ষকে বুঝতে হবে। আমরা যদি উন্নতি করতে চাই, আমাদের মেয়েদের বুঝতে হবে যে এর কেবল একটিই উপায় আছে।’
‘কঠোর পরিশ্রম, ত্যাগ এবং বিনয়। আপনাদের সত্যিই বৃহত্তর প্রেক্ষাপটটি দেখতে হবে এবং অনুধাবন করতে হবে যে, উত্তর কোরিয়ার বিপক্ষে খেলছেন, যারা আমার মতে অত্যন্ত শক্তিশালী, সুশৃঙ্খল এবং ভালোভাবে প্রশিক্ষিত।’
২০২৬ সালের ২০তম এশিয়ান গেমস জাপানের আইচি-নাগোয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত হবে। চীনে দুটি ম্যাচ খেলে বাংলাদেশ দল জাপানে রওনা হবে।
এফ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া এবং মিয়ানমার। সেপ্টেম্বরের ১৪ মাঠে গড়াবে এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল ইভেন্ট। প্রথমদিনে নর্থ কোরিয়ানদের বিপক্ষে লড়বে লাল-সবুজের দল।









