মার্ভেল ভক্তদের জন্য বড় চমক নিয়ে হাজির হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ঝলক। শুক্রবার (১৪ আগস্ট) ডিজনির ডি২৩ ভক্ত সম্মেলনে প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটির নতুন দুই মিনিটের ঝলক।
নতুন ঝলকে রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুমকে আরও ভয়ংকর রূপে দেখা গেছে। তার সামনে এবার শুধু অ্যাভেঞ্জার্স নয়, মুখোমুখি হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর, এক্স-মেনসহ পৃথিবীর শক্তিশালী সব নায়ক।
ট্রেলারের শুরুতেই ইনভিজিবল ওম্যান (ভ্যানেসা কার্বি)-কে ডক্টর ডুমের বিপজ্জনক পরিকল্পনা নিয়ে অন্য নায়কদের সতর্ক করতে দেখা যায়। এতে ডুমের সাথে মিস্টার ফ্যান্টাস্টিক (পেদ্রো পাস্কাল) এবং থর (ক্রিস হেমসওয়ার্থ)-এর মুখোমুখি লড়াইয়ের উত্তপ্ত মুহূর্ত ফুটে উঠেছে। মার্ভেল সুপারহিরোদের কড়া বার্তার জবাবে ডুমকে বলতে শোনা যায়, ‘নরক আমার ডাকে সাড়া দেয়, কারণ আমিই ডুম।
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ আয়রন ম্যানের বিদায়ের পর এই সিনেমার মাধ্যমেই আবার মার্ভেলে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র, তবে এবার খলনায়ক হিসেবে। এছাড়া ক্রিস ইভান্সও ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে ফিরে আসছেন।
তবে সবচেয়ে বড় চমক হিসেবে পুরোনো এক্স-মেন তারকারাও এবার মার্ভেলের মূল মহাবিশ্বে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছেন। প্যাট্রিক স্টুয়ার্ট, ইয়ান ম্যাককেলেন, জেমস মার্সডেন, কেলসি গ্রামার, রেবেকা রমিজন, অ্যালান কামিং ও চ্যানিং টাটুমকে আবারও যথাক্রমে প্রফেসর চার্লস জেভিয়ার, ম্যাগনিটো, সাইক্লপস, বিস্ট, মিস্টিক, নাইটক্রলার ও গ্যাম্বিট চরিত্রে দেখা যাবে।
মার্ভেল স্টুডিওসের অন্যতম বড় বাজেটের এই চলচ্চিত্রটি আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।









