ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি বলেন, সারাদেশে বিভিন্ন জায়গায় হাতপাখার লোকজনদের বাঁধা দেওয়ার সংবাদ আসছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও নিরবতা অবলম্বন করছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) তিনি বলেন, আমাদের কাছে থাকা তথ্য বলছে, লক্ষিপুর-১ ভাটোরা সরকারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সরাসরি বিএনপি কর্তৃক ভোট প্রদানে বাঁধা দেওয়া হচ্ছে।
ভোলা-১ আসনের বেশীরভাগ কেন্দ্রে বিএনপি জোটের গরুর মার্কার নেতাকর্মীরা হট্টগোল ও ভোট প্রদানে বাঁধা প্রদান করছে, কিছু আসনে হাতপাখার পোলিং এজেন্টদের মারধরের সংবাদও পাওয়া গেছে।
বরিশাল-১ আসনের আওতাধীন জয়গোপী ১০৫ নং কেন্দ্রের বাহিরে ধানের শীষের মিছিল ও জনসমাগম লক্ষ্য করা গেছে।
ঝালকাঠি-১ নং আসনের আওতাধীন রাজাপুর বড়াইয়া ইউনিয়নে হাতপাখার নেতাকর্মীদের কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বেও দাঁড়াতে না দেওয়া ও মারধরের সংবাদ পাওয়া গেছে।
এছাড়াও কুমিল্লা-১১ আসনের আলকড়া ও গুনবতি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে হাতপাখার পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে না আসার জন্য হুমকি দেওয়া হয়েছে।
অনাকাঙ্ক্ষিত এসকল বিষয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, বিষয়গুলো নিয়ে আমরা শঙ্কিত। নতুন বাংলাদেশে সুষ্ঠু, গ্রহনযোগ্য ও উৎসবমূখর নির্বাচনী পরিবেশ নষ্ট যেন না হয় তাই সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।









