হিন্দু ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু ভাইয়েরা ভয় পাবেন না। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দেবেন। তবে আপনারা ভোটকেন্দ্রে যাবেন। এটা আপনাদের অধিকার।
রোববার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনে নিজ নির্বাচনী পথসভায় চেরাডাঙ্গী মাঠে বক্তব্য চলাকালে তিনি এ কথা বলেন।
ছাত্রলীগের সাদ্দামকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ঢাকায় বাসা থেকে নিয়ে গেলো আমাকে। জেলে নিয়ে যাওয়ার পরে শুনলাম আমার স্ত্রীর খুব অসুখ। অপারেশন করতে হবে। তবুও আমাকে জেল থেকে মুক্তি দেয়নি। জেলে থাকা অবস্থায় আমার স্ত্রীকে অপারেশন করতে হয়েছে।
তিনি আরও বলেন, অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করেছি। তবে মাথা কখনও নত করি নাই। আমাদের একটাই দাবি আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সেটা এবার পেয়েছি।
রাজনীতি করতে গিয়ে পৈতৃক ভিটেমাটি বিক্রি করতে হয়েছে, কিন্তু আদর্শের সঙ্গে আপস করেনি বিএনপি, একই সঙ্গে নিজের দলের কর্মীদের কড়া বার্তা দিয়ে মির্জা ফখরুল জানিয়েছে, ক্ষমতা পেয়ে কেউ যদি ‘আওয়ামী স্টাইলে’ দুর্বৃত্তায়ন শুরু করে, তবে কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, পরিষ্কার বলে দিচ্ছি, দলের কেউ অপরাধ করলে জানাবেন, তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ যে পাপ করেছে, বিএনপি-র গায়ে সেই কলঙ্ক লাগতে দেব না।
গত ১৫ বছরের লড়াইয়ের স্মৃতি উসকে তিনি বলেন, আমার বিরুদ্ধে ১১১টি মামলা, ১১ বার জেল খেটেছি। জেলে থাকাকালীন স্ত্রীর অস্ত্রোপচার হয়েছে, তাও মুক্তি মেলেনি। কিন্তু মাথা নত করিনি।
এবারের নির্বাচনী ময়দানে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে আমজনতাকে সতর্ক করেছেন ফখরুল। পুরনো কাসুন্দি ঘেঁটে তিনি স্মরণ করিয়ে দেন, একাত্তরে এই মার্কা আমরা দেখেছি। তারা পাকিস্তান বাহিনীকে সাহায্য করেছিল। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ভোটারদের উদ্দেশে তার পরামর্শ, জামাত এ অঞ্চলে পরিচিত নয়, তাই সিদ্ধান্ত নেওয়ার সময় যেন ঐতিহাসিক সত্যটি মাথায় রাখা হয়।









