বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি মিলে গেছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে লাহোর যাচ্ছেন এনামুল হক বিজয়। সবদিক বিচার-বিশ্লেষণের পর বিজয়কে পাকিস্তানে খেলতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের একজন পরিচালক চ্যানেল আই অনলাইনকে এটি নিশ্চিত করেন।
শনিবার লাহোরের উদ্দেশ্যে রওনা হবেন বিজয়। কয়টার ফ্লাইটে যাবেন সেটি এখনও নির্ধারণ হয়নি। পিএসএলের ফাইনাল রোববার রাতে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
বিজয়ের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ফাইনাল নিশ্চিত করেছে আগেই। শিরোপার ম্যাচে তাদের প্রতিপক্ষ কারা হবে সেটি জানা যাবে শুক্রবার। দুবাইয়ে তৃতীয় কোয়ালিফায়ারের ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় করাচি কিংসের প্রতিপক্ষ পেশোয়ার জালমি।
কোয়েটার বিদেশি ক্রিকেটার কেভিন পিটারসেন, টাইমাল মিলস, লুক রাইট, নাথান ম্যাককালাম লাহোরে ফাইনাল খেলতে অস্বীকৃতি জানালে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে ডাক পড়ে বিজয়ের।
পিএসএলের সব ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আরব আমিরাতে। শুধু ফাইনালটাই হবে লাহোরে। ফাইনাল দেখতে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে থাকছে বিসিবির একজন প্রতিনিধিও।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। গেল ৮ বছরে এক জিম্বাবুয়ে ও বাংলাদেশের নারী দল ছাড়া আর কেউ যায়নি পাকিস্তান সফরে। নিজ দেশে ক্রিকেট ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে দেশটির বোর্ড। লাহোরে পিএসএলের ফাইনাল আয়োজন তারই মহড়ার অংশ।









