কয়েক মৌসুম ধরেই তিনি ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের সেরা তারকা। তাকেই কিনা একাদশে সুযোগ পেতে লড়তে হচ্ছিল কয়েক সপ্তাহ আগে। কিন্তু সার্জিও আগুয়েরো তো ফুরিয়ে যাননি। জবাব দিতে চেয়েছিলেন দলের প্রয়োজনের মুহূর্তে। সেই সুযোগ পেয়েই হয়তো জ্বলে উঠছেন প্রত্যেকটি ম্যাচে। তাতে সিটিজেনদেরও ছুটতে সুবিধাই হচ্ছে। আর্জেন্টাইন এই তারকার জোড়া গোলে এফএ কাপের শেষ আটে জায়গা করে নিয়েছে ম্যানসিটি।
বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে এফএ কাপের পঞ্চম রাউন্ডে আগুয়েরোর জোড়া গোলে হার্ডাসফিল্ডকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি।
কোয়ার্টার ফাইনালে পা রাখার পথে শুরুতেই ধাক্কা খায় গার্দিওলার শিষ্যরা। ম্যাচের সাত মিনিটে সিটি গোলরক্ষক ক্লদিও ব্রাভোর শিশুতোষ ভুলে হার্ডাসফিল্ডকে এগিয়ে দেন হ্যারি বান।
গোল খেয়ে যেন ঘুম ভাঙে ম্যানসিটির। পরে ৩০ মিনিটের মাথায় সমতা আনেন লেরয় সানে। তার মাত্র ৫ মিনিটের মাথায় পেনাল্টিতে ব্যবধান বাড়ান আগুয়েরো। ম্যাচের ৩৮ মিনিটে গোল সংখ্যা ৩-১ করেন আগুয়েরোর আর্জেন্টাইন সতীর্থ পাবলো জাবালেতা। আট মিনিটের এই ঝড়ে ম্যাচ থেকে ছিটকেই পড়ে হার্ডাসফিল্ড।
পরে ম্যাচের ৭৩ মিনিটে রাহিম স্টার্লিংয়ের ক্রসে নিজের দ্বিতীয় গোলটি করেন আগুয়েরো। আর যোগ করা সময়ে কেলেচি ইহানোচোর শট জাল খুঁজে পেলে ৫-১ এর বিশাল জয়ে মাঠ ছাড়ে গার্দিওলার দল।
এর আগে প্রথম লেগে হার্ডাসফিল্ডের সাথে গোলশূন্য ড্র করেছিল ম্যানসিটি। শেষ আটে তাদের প্রতিপক্ষ মিডলসবোরো।









