মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় উত্তাল দেশ। ধর্ষণে অভিযুক্তদের ফাঁসি ও নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তৎপর বড় একটি অংশ।
এবার এ তালিকায় নাম লেখালেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। নিজের ফেসবুকে তিনি হ্যাশ ট্যাগ দিয়ে বিচার চাইলেন এই চিত্রনায়ক। শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘জাস্টিস ফর আছিয়া। উই ওয়ান্ট জাস্টিস।’
রবিবার দুপুরে শাকিব খানের দেয়া পোস্টটি সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। তার অনুসারীরা প্রতিবাদে সরব হওয়ায় বাহবা দিয়ে মন্তব্য করতে দেখা যায়। তবে বিষয়টি নিয়ে শাকিব প্রতিবাদ করলেও দেশের অনেক তারকাকে এখনও মুখ খুলতে দেখা যায়নি।
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তার আগে শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে নিয়ে আসেন ব্যারিস্টার মাহসিব হোসাইন।
তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি পত্রিকা, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসি ও পুলিশকে এই নির্দেশ দেওয়া হয়।









