পিলখানা হত্যাকাণ্ডে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রধান মেজর জেনারেল (অবঃ) ফজলুর রহমান বলেছেন, ঢাকায় ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ করে শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য বলা হবে। অথবা ভারতে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলবে কমিশন।
সোমবার (৬ জানুয়ারি) পিলখানা হত্যাকাণ্ড নিয়ে শহীদ পরিবার সদস্যদের সঙ্গে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সদস্যদের মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই হত্যাযজ্ঞের সাথে বিশেষভাবে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তিনি আরও বলেছেন, হত্যাযজ্ঞে ভারত জড়িত বলে কেবল অভিযোগ করলে হবে না, প্রমাণ দিতে হবে।
পিলখানা হত্যাকাণ্ডকে পলাশীর চেয়েও হৃদয়বিদারক বলে উল্লেখ করেন কমিশন প্রধান। তিনি বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই তদন্ত কাজ শেষ করার আশা করছে কমিশন।
এসময় প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের কাছে তদন্ত কাজে সার্বিক সহযোগিতা চাওয়ার কথাও জানান কমিশন প্রধান।









