বাংলাদেশের সমুদ্রসীমামায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এসময় ৫ টন ইলিশসহ দুইটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম। এর আগে মঙ্গলবার বিকেলে নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে।
আটককৃতরা ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাদের কলাপড়া থানায় হস্তান্তরের পর সকালে পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কমান্ডিং অফিসার।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, এব্যাপারে নৌবাহিনী কলাপাড়া থানায় একটি মামলা করেছে। আটককৃত জেলেদের জেল হাজতে পাঠিয়েছে আদালত এবং জব্দকৃত ইলিশ ও অন্যান্য মাছ আদালতের নির্দেশনা অনুযায়ী স্থানীয় দুঃস্থ, এতিমখানা ও বিভিন্ন লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হচ্ছে।
স্থানীয় জেলে ও আড়তদাররা জানায়, মা ইলিশ রক্ষায় বাংলাদেশ সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করায় দেশের জেলেরা মাছ ধরা বন্ধ করলেও ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবাধে মা ইলিশ শিকার করছে। এমনকি তাদের মাছ ধরার ট্রলারে জাল টেনে তোলার জন্য ট্রলিং সংযুক্ত করে।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় এ বছর ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।









