৫ বছর পর ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। গোয়ালিয়রে রোববার শুরু তিন ম্যাচের সিরিজ। ২০১৯ সালে সবশেষ টি-টুয়েন্টি সিরিজেই নিজেদের মাঠে টাইগারদের কাছে প্রথম টি-টুয়েন্টিতে বধ হয়েছিল রোহিত শর্মার দল। ভারতকে ৭ উইকেটে হারিয়ে দিল্লি জয় করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
দিল্লি জয় করলেও সিরিজটা ‘দূর অস্তই’ ছিল বাংলাদেশের জন্য। শেষ দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতে নেয় ভারত। পাঁচ বছর পর সেই ভারতে আবারও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। গোয়ালিয়রে রোববার তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ।
মুখোমুখি ১৪ দেখায় বাংলাদেশের জয় ওই একবারই। ২০১৯ এর ৩ নভেম্বর তারিখটি ইতিহাসের অংশই হয়ে গেছে। সেটি ছিল আবার এক হাজারতম আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ।
সেই ম্যাচের পারফর্মারদের কেউই নেই এবারের সিরিজে বাংলাদেশ স্কোয়াডে। ম্যাচসেরা মুশফিকুর রহিম তো বছরখানেক আগেই টি-টুয়েন্টি থেকে সরে গেছেন। ৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে ১৪৯ রান তাড়ায় জয় এনে দিয়েছিলেন মিডলঅর্ডার ব্যাটার।
অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতীয় দলকে বাকরুদ্ধ করে দিয়েছিলেন মি.ডিপেন্ডেবল। বেঙ্গালুরুর দুঃখ তাতে কিছুটা হলেও হালকা হয়েছিল। সৌম্য সরকার ৩৯, নাঈম শেখ করেছিলেন ২৬ রান। তারা কেউই নেই স্কোয়াডে।
দারুণ বোলিংয়ে ভারতকে দেড়শর মধ্যে আটকে দিয়েছিলেন পেসার শফিউল ইসলাম ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। নিয়েছিলেন দুটি করে উইকেট। তারা জাতীয় দলের ধারেকাছে নেই দীর্ঘদিন ধরে।
অপর উইকেটটি নিয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। ৩ ওভারে মাত্র ১১ রান দিয়েছিলেন। তিনিও নেই এখনকার দলে।









