ভয়াবহ মরণব্যাধি ক্যান্সার। কারও ক্যান্সার ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই তার মৃত্যু নিশ্চিত বলে ধরে নেয়া হয়। যদিও বর্তমানে এর চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুর প্রধান কারণ ‘ক্যান্সার’ না বরং ক্যাচেক্সিয়া নামের ভিন্ন এক রোগের কারণে হয়ে থাকে।
এনডিটিভি জানিয়েছে, ন্যাচার কমিউনিকেশন নামের একটি জার্নালে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
গবেষণায় দেখা গেছে, যখন ক্যান্সার রোগীদের টিউমারগুলো ইন্টারলিউকিন-৬ (আইএল-৬) নামের একটি রোগ প্রতিরোধ অণুর মাত্রা বাড়িয়ে দেয় তখন এর কারণে মারাত্মকভাবে ব্রেনের কার্যক্ষমতা কমে যায়। কার্যক্ষমতা কমার কারণে ৫০ থেকে ৮০ শতাংশ ক্যানসার রোগীর ‘ক্যাচেক্সিয়া’ দেখা দেয়।
যুক্তরাষ্ট্র ভিত্তিক কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির (সিএসএইচএল) অধ্যাপক বো লির মতে, এটি একটি খুব গুরুতর সিনড্রোম। তিনি বলেন, ক্যান্সারে আক্রান্ত বেশির ভাগ মানুষই ক্যান্সারের পরিবর্তে ‘ক্যাচেক্সিয়া’ তে মারা যান এবং রোগী একবার এই পর্যায়ে প্রবেশ করলে, সেখানে ফিরে যাওয়ার কোনো উপায় থাকে না কারণ এর কোনো চিকিৎসা নেই।
সুস্থ রোগীদের ক্ষেত্রে আইএল-৬ প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অণুগুলো সারা শরীরে সঞ্চালিত হয়। যখন তারা একটি সম্ভাব্য হুমকির সম্মুখীন হয় তখন তারা মস্তিষ্ককে সতর্ক করে। গবেষকদের মতে, অত্যধিক আইএল-৬ তৈরি হওয়ায় ক্যান্সার এই প্রক্রিয়াটিকে ব্যাহত করে। তখন রোগী হয় খাওয়া বন্ধ করে দেয় কিংবা ক্যাচেক্সিয়াতে আক্রান্ত হয়।









