অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক ও গবেষক সাইফুল্লাহ সাদেক এর ম্যারাথন ট্যুর বিষয়ক বই ‘দৌড়ের ওপরে আছি’।
গত ২৬ ফেব্রুয়ারি ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫ কিলোমিটার দৌড় আয়োজনের মধ্যদিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন দেশের খ্যাতনামা প্রায় ২০০ দৌড়বিদ।
দৌড়টি টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর, বিশ্ববিদ্যালয় তোরণ, ফুলার রোড, পলাশী, শহিদ মিনার, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে টিএসসিতে শেষ হয়। এরপর সম্মিলিতভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এডুসেন্ট্রিক প্রকাশনী সহযোগী এবং হেলদি লিভিং বিডির হাইড্রেশন সহযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটি আয়োজন করে ৫ কিলোমিটারের এই দৌড়।
এসময় বইয়ের মোড়ক উন্মোচনে দেশের খ্যাতনামা জ্যেষ্ঠ দৌড়বিদদের মধ্যে ছিলেন লুৎফর রহমান, একে এম আহসান, ইমতিয়াজ এলাহী, ওয়াহাব খান, প্রশান্ত রায়, শাকিল মিরাজ, সিডিও হাসিব, ফেরদৌস আলম, কামাল হোসাইন প্রমুখ সহ দেশের বিভিন্ন রানিং কমিউনিটির এডমিনবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় দৌড়বিদরা তাদের শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা সবাই দৌড়াই। কিন্তু এ নিয়ে বই প্রকাশের দুঃসাহসিকতা করার সুযোগ হয়নি। সাইফুল্লাহ সাদেক প্রথম এমন একটি উদ্যোগ গ্রহণ করলেন যে, দৌড়ের ওপর বই লেখা। বাংলায় দৌড় বিষয়ক এমন লেখা আগে আমরা দেখিনি। এর মাধ্যমে দৌড়বিদরা আরও সমৃদ্ধ হবে বলেই আমরা বিশ্বাস করি।
এডুসেন্ট্রিক প্রকাশনী থেকে প্রকাশিত দৌড়ের ওপরে আছি মূলত দৌড়-ভ্রমণ বিষয়ক বই। যেখানে লেখকের হায়দরাবাদ ম্যারাথনে অংশগ্রহণ করতে যাওয়াকে কেন্দ্র করে লেখা, একই সাথে দৌড় জীবনের নানা দিক ও দৌড়/ ম্যারাথন বিষয়ে খুঁটিনাটি ধারণা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে গল্পের ছলে।
দৌড় শুরু করতে যাওয়া ও নতুন দৌড়বিদদের জন্য বইটি যেমন পাঠ্য, একইভাবে ভ্রমণ বই পড়তে পছন্দ করেন তাদের জন্যও প্রয়োজনীয়।
সাইফুল্লাহ সাদেক স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিভাগ থেকে। পড়ালেখার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে গবেষণা-সংস্কৃতি গড়ে তুলতে বাংলাদেশে ‘গবেষণা সংসদ’-এর যে ধারণা, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার সূচনা করেছেন ২০১৬ সালে ৬ ডিসেম্বর। বর্তমানে কর্মরত আছেন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও উন্নয়ন সংস্থা গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন এন্ড লার্নিং (জিসিএফআইএল) এর বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে।
পেশাগত কাজ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে সময় দেওয়া, লেখালেখি ও গবেষণা-প্রভৃতি কর্মব্যস্ততার পাশাপাশি ম্যারাথন দৌড়কে নিয়েছেন ধ্যানজ্ঞান হিসেবে।
এরই মধ্যে সম্পন্ন করেছেন অনেকগুলো দৌড়ের ইভেন্ট। একটি ৫০ কিলোমিটারের আল্ট্রা ম্যারাথন, পাঁচটি ফুল ম্যারাথন (কলকাতা, হায়দরাবাদ, ব্যাংকক, সিঙ্গাপুর ও ঢাকা ম্যারাথন), ১৪টির মতো হাফ ম্যারাথন, ২৫ কিলোমিটারের দুইটি ইভেন্ট (টাটা স্টিল কলকাতা ও সিলেট ২৫কিমি) এবং ১৫ ও ১০ কিলোমিটার রানসহ রয়েছে দেশি-বিদেশি বিভিন্ন দৌড়ের ইভেন্টে অংশগ্রহণের অভিজ্ঞতা। প্রতিষ্ঠাকাল থেকেই ‘ঢাকা ইউনিভার্সিটি রানার্স কমিউনিটি’র অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। আবার কক্সবাজারে তরুণদের স্বাস্থ্য সচেতনতা ও রানিংয়ে উদ্বুদ্ধ করতে প্রতিষ্ঠা করেছেন কক্সবাজার রানার্স কমিউনিটি।
এটি সাইফুল্লাহ সাদেক এর লিখিত দ্বিতীয় বই। মেলায় ৫৩(ক) স্টলে বইটি মিলছে। তিনি এর আগেও ভ্রমণ বিষয়ক বই লিখেছেন। ২০১৭ সালে ইউরোপের দেশ আর্মেনিয়ায় ভ্রমণ নিয়ে লিখেছেন ভ্রমণ-ইতিহাস বিষয়ক বই ‘আর্মেনিয়ার বাংলাদেশ’ (২০১৮ সালে অমর একুশে বইমেলা, স্বপ্ন৭১ প্রকাশন)। লেখক আর্মেনিয়ায় ভ্রমণে গিয়ে আবিষ্কার করেন যে, সেখানে একটি জেলার নাম বাংলাদেশ। তখন সেই বাংলাদেশকে কেন্দ্র করে বইটি লিখেন।
এছাড়া তাঁর সম্পাদনায় ইতোমধ্যে প্রকাশিত হয়েছে গবেষণা বিষয়ক বই-‘গবেষণা প্রারম্ভিকা’ (২০২৩ সাল, নবান্ন প্রকাশনী, ‘একুশ শতকে তারুণ্য ও নেতৃত্ব’ (২০২২, কাকলি প্রকাশনী), ‘একুশ শতকে তারুণ্যের দক্ষতা’ (২০২৩- নবান্ন প্রকাশনী) এবং ‘একুশ শতকে তারুণ্যের উদ্যোগ’ (২০২৪, একুশে বইমেলায় ,নবান্ন প্রকাশনী)।









