চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা স্টিলমিল বাজার এলাকায় লরি থেকে রিক্সার ওপর কন্টেইনার চাপা পড়ে রিক্সায় থাকা দু’যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন রিক্সাচালক নিজেও।
বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রিক্সার ওপর কন্টেইনার চাপা পড়ার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় জনতা ছুটে যান। এছাড়াও পাশে থাকা নৌ-বাহিনী, বিমান বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত লরি থেকে পাশের রিক্সার ওপর কনটেইনার ছিটকে পড়লে দুর্ঘটনাটি ঘটে। এতে রিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। পরে ক্রেন এনে কনটেইনারটি সরিয়ে নেওয়া হয়। দু’জনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলেও জানা যায়।
এছাড়াও তারা জানান, আহত রিক্সাচালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কন্টেইনার না সরানো পর্যন্ত বিমানবন্দর সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে লরি চালকককে দায়ী করছেন।









