টানা বৃষ্টি ও অব্যাহত পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই বাধে ১৬টি গেইট দিয়ে টানা ১৫ দিন পানি ছাড়ার পর আজ সোমবার (৮ সেপ্টম্বর) সকাল ১০টায় বন্ধ করে দেয়া হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীলওয়ের ১৬টি গেইট।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
এর আগে, অতি বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি গত ২৪ আগস্ট সন্ধ্যা পর্যন্ত বিপদসীমার উপরে অতিক্রম করায় অর্থাৎ ১০৮ ফুট মীন সি লেভেল অতিক্রম করায় পরেরদিন ২৫ আগস্ট সকাল ৮টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়েছিল এবং কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়েছিল। পরবর্তীতে পানি বৃদ্ধির উপর ভিত্তি করেই বাধের ১৬টি গেইট দিয়ে পানি ছাড়া ও কমানো হয়।
কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের আরও জানান, টানা ১৫ দিন ধরে পানি ছেড়ে দেয়ার পর কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কমতে থাকায় অর্থাৎ বিপদসীমার নীচে চলে আসায় আমরা আজ সোমবার সকাল ১০টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীলওয়ের ১৬টি গেইট বন্ধ করে দিয়েছি।
এদিকে, কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকায় বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ গড়ে ২১০ হতে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ।









