গত রোববার নরসিংদীর বেলাবোতে বাউলদের আখড়ায় হামলার নিন্দা জানিয়েছে ১৫ টি জাতীয় ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন।
আজ মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত রোববার বিকেল ৪ টায় সাধুসঙ্গে যখন গান বাজনা চলছিলো, ঠিক সেসময় এলাকার চিহ্নিত মাস্তান শাহীন শেখ, জাহাঙ্গীর শেখ, শরীফ শেখসহ বেশ কয়েকজন দুষ্কৃতকারী অতর্কিতভাবে আখড়ায় হামলা চালিয়ে বাউলদের বাদ্যযন্ত্র ভাঙচুর এবং বেশ কয়েকজনকে আহত করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানাই।
হামলাকারীদের শাস্তি ও গ্রেফতার নিশ্চিত করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথাও জানান তারা।
বিবৃতিদাতা সংগঠনসমূহ হলো: সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, অভিনয় শিল্পী সংঘ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।









