বেসিন রিজার্ভে টেস্টের প্রথম দিনে কোন স্পিনারের পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তিটি সেই ৭১ বছর আগের। ১৯৪৬ সালে। অস্ট্রেলিয়ার লেগস্পিনার বিল ও’রিলি ১৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন। জেপি ডুমিনি নিলেন ৪৭ রানে ৪টি। ও’রিলির কীর্তি ছোঁয়া হয়নি এই সাউথ আফ্রিকানের। তাতেই সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভেঙে পড়ল নিউজিল্যান্ড। অবশ্য হেনরি নিকোলস সেঞ্চুরি করে বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন কিউদের।
ও’রিলি নিউজিল্যান্ডকে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪২ রানে গুটিয়ে দিতে নিয়ামক ছিলেন। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ৫৪ রানের লজ্জায় ডুবিয়ে ইনিংস ব্যাবধানে জিতিয়েছিলেন অজিদের। ওয়েলিংটনে এবার কিউইরা অবশ্য অত অল্পতে গুটিয়ে যায়নি। ২৬৮ রান তুলেছে। আর ২৪ রান তুলতেই প্রোটিয়াদের ২ উইকেট তুলে নিয়েছে শেষ বিকেলে।
স্বাগতিকদের আড়াইশ পেরোনো সংগ্রহের মূল কীর্তি ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নেওয়া নিকোলসের। ১৫ চারে ১৬১ বলে সাবলীল এক ১১৮ রানের ইনিংস এসেছে তার ব্যাটে। প্রথমে জিত রাভালকে (৩৬) নিয়ে ৫২ ও পরে বিজে ওয়েটলিংকে (৩৪) নিয়ে ১১৬ রানের জুটি গড়েছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে ষষ্ঠ উইকেটে কিউইদের সেরা জুটি সেটি।
শেষ দিকে টিম সাউদির ২৭ ও জিতান প্যাটেলের অপরাজিত ১৭ রানে কিউইদের সংগ্রহটা ভদ্রস্থ জায়গায় যায়।
সফরকারীদের হয়ে ডুমিনি ৪টি ছাড়াও মরনে মরকেল, কাগিসো রাবাদা ও কেশভ মাহারাজ ২টি করে উইকেট নিয়েছেন।
শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে সাউথ আফ্রিকা স্টিফেন কুক (৩) ও ডিন এলগারকে (৯) হারিয়েছে। নাউটওয়াচম্যান রাবাদা ৮ ও হাশিম আমলা শূন্য রানে দ্বিতীয় দিনের লড়াই শুরু করবেন।









