ঢাকা প্লাটুনের একাদশে ছিলেন না জাকের আলি অনিক। এনামুল হক বিজয় চোট পাওয়ায় ফিল্ডিংয়ে বদলি খেলোয়াড় হিসেবে নেমে গ্লাভস হাতে ৬ ক্যাচ নিয়ে বিপিএলে রেকর্ড করে ফেললেন ২১ বছরের এ তরুণ।
বিপিএলে এরআগে সর্বোচ্চ ডিসমিসাল ছিল ৫টি। সর্বোচ্চ ক্যাচ ছিল ৪টি। সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে রাজশাহী রয়্যালসের সাত ব্যাটসম্যানের ক্যাচ হাতে জমা করে আগের সব রেকর্ড ভেঙে দেন জাকের। ওয়াহাব রিয়াজের এক ওভারেই নেন তিন ক্যাচ।
বিপিএলে সর্বোচ্চ ৫টি করে ডিসমিসাল ছিল পাকিস্তানি উইকেটরক্ষক-ব্যাটসম্যান আহমেদ শেহজাদ ও উমর আকমলের। ২০১৬ সালে বিপিএলের চতুর্থ আসরে তিনটি স্টাম্পিং ও দুটি করে ক্যাচ নিয়েছিলেন তারা।
বিপিএলে আগের সর্বোচ্চ ৪টি ক্যাচ নিয়েছিলেন রনি তালুকদার ২০১৫ সালে বিপিএলের চতুর্থ আসরে। ক্যাচ ও ডিসমিসালের রেকর্ড ভেঙে সবার ওপরে এখন জাকের আলির নাম।
আরেকটু হলে ১৪ বছর আগের রেকর্ড ভেঙে ফেলতেন জাকের। বিশ্বজুড়ে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ৭টি ক্যাচ নেয়ার রেকর্ডটি শ্রীলঙ্কান উইকেটরক্ষক উপল ফার্নান্দোর। ২০০৫ সালের ৯ অক্টোবর কলম্বোতে ঘরোয়া টি-টুয়েন্টি ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়ে ৭টি ক্যাচ ধরেন তিনি।









