তারকাকে নিয়ে মানুষের আগ্রহ থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু তারকা হওয়ার আগে আগ্রহ থাকাটা অস্বাভাবিকই বটে। ভারতের অধিনায়ক বিরাট কোহলির জীবনে সেই ছেলেবেলা থেকে এই অস্বাভাবিক ঘটনাটাই ঘটে আসছে! নিজেই জানিয়েছেন, ২২ বছর বয়সের সময় প্রচুর লোক তাকে ৩৫ বছর বয়সীর মতো খেলতে বলতো।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দেশে গাভাস্কার-বোর্ডার ট্রফির প্রথম টেস্টে মাঠে নামবে ভারত। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোহলি বলেন, ‘বেশির ভাগ লোক আমাকে নিয়ে ধৈর্য ধরতো না। ২২ বছর বয়সের সময় আমাকে তারা ৩৫ বছরের খেলোয়াড়ের মতো আচরণ করতে বলতো।’
কোহলি এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। আইসিসি র্যাঙ্কিংই সে কথা বলছে। টেস্টে দুই নম্বর, ওয়ানডেতে তিনে এবং টি-টুয়েন্টিতে শীর্ষে আছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে আগে কোনো খেলোয়াড় এমন ধারাবাহিকতা দেখাতে পারেননি।
‘প্রত্যেক সিরিজের পর আমি নিজেকে বিচার করি না। আমার ভুল থেকে শিখতে চেষ্টা করি এবং অনিল ভাই এই কাজটা দারুণভাবে সমন্বয় করেন।’ নিজের ব্যাটিং নিয়ে বলেন কোহলি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক উচ্চারণ তার কণ্ঠে, ‘তাদের দক্ষতা সম্পর্কে আমরা সচেতন। তাদের ভাল এবং খারাপ দিন জানি। কিন্তু প্রতিপক্ষ নিয়ে আমরা অতটা ভাবছি না। নিজেদের খেলায় মনোযোগ দিতে চাই। আমরা প্রত্যেক দলকে সম্মান করি, সেইসঙ্গে নিজেদের দক্ষতায় বিশ্বাস রাখি।’









