বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন: ‘আমরা আগাম নির্বাচন চাই না। ২০১৪ সালে যে নির্বাচন হয়নি সেটাই হবে। সেই নির্বাচনের জন্য জনগণ অপেক্ষা করছে।’
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন: ২০১৪ সালে দেশে কোনো নির্বাচন হয়নি। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেনি। সুতরাং দেশে এখন কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। তাই আগাম নির্বাচন বলতে কোন শব্দ নেই। আগে যে নির্বাচন হয়নি সেটাই এখন হোক।
নিবন্ধন বাতিল হওয়া নিয়ে বিএনপির কোনো চিন্তা নেই মন্তব্য করে আমির খসরু বলেন: নিবন্ধন রক্ষার জন্য বিএনপি নির্বাচনে যাবে সেটি যারা বিশ্বাস করে, তারা ভুল করছে। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে। তাই নিবন্ধন বাতিলের কথা বলে কোনো লাভ হবে না। দেশের মানুষ যে নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলেছে, সেই ব্যবস্থা পুন:রুদ্ধার করাই বিএনপির দায়িত্ব।
এসময় জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার কি না তা নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন: কেউ যদি মনে করে ২০১৪ সালের মতো আবারও আওয়ামী লীগ ক্ষমতা দখল করবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। জনগণ কখনোই তা মেনে নেবে না। জনগণ তাদের অধিকার আর ছেড়ে দিবে না।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তিনি বলেন: কী চুক্তি হবে তা আমরা জানি না। আমরা তিস্তার পানির অপেক্ষায় আছি। ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যা পাওয়ার অপেক্ষায় আছি। আমি নিশ্চিত যে, কেউ নিজ দেশের স্বার্থবিরোধী চুক্তি করার দু:সাহস করবেন না।









