চট্টগ্রাম থেকে: বাংলাদেশের দেয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় ইংল্যান্ড। পঞ্চাশ পেরোয় ওপেনিং জুটিতেই। হোয়াইটওয়াশের শঙ্কায় পড়া বাংলাদেশ ১ রানের ব্যবধানে তুলে নেয় সফরকারীদের তিন উইকেট। ম্যাচ হারের কারণ হিসেবে এটিকেই সামনে আনলেন জস বাটলার।
চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫০ রানে হারে ইংল্যান্ড। সিরিজ শেষ করে ২-১এ জিতে। সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক বললেন, ‘তাড়া করে জেতার মতোই একটা লক্ষ্য ছিল। ভালো শুরুর পর ১ রানে তিন উইকেট পড়ে যায়। ওটাই ম্যাচের চিত্র বদলে দেয়, যা ম্যাচের টার্নিং পয়েন্ট। দুটি ভালো জুটি হলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।’
সিরিজ হারের পর জ্বলে উঠল বাংলাদেশ। আড়াইশর কম পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিংয়ে ‘ইংলিশ পরীক্ষায়’ ভালোভাবেই উতরে গেল তামিম ইকবালের দল। প্রতিপক্ষকে দুইশর আগে থামিয়ে জয় পায় বড় ব্যবধানে।









