আগামী ১৮ নভেম্বর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শুরু হবে।
শুক্রবার সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেন।
রিজভী বলেন, ১৮ নভেম্বর রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ জেলা এবং রংপুর বিভাগের পঞ্চগড় জেলার মধ্যদিয়ে মনোনয়ন প্রত্যশীদের সাক্ষাৎ শুরু হবে। এরপর পরবর্তী সাক্ষাতকার তারিখ জানিয়ে দেয়া হবে বলে জানান রিজভী।
গত ১২ নভেম্বর থেকে শুরু হওয়া বিএনপির মনোনয়ন বিক্রির শুক্রবার শেষ দিন।
গত চারদিনে মনোনয়ন ফরম বিক্রির সংখ্যা ৪ হাজার হবে বলে জানান তিনি। আর ফরম জমার সংখ্যা ২ হাজার হবে বলেও জানান বিএনপির এই নেতা।
তবে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সাড়ে ৪ হাজার মনোনয়ন ফরম বিক্রি হবে বলে জানিয়েছে।
শুক্রবার শেষ দিন রাত ৮ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হবে। বিএনপির মনোনয়ন বোর্ডে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ থাকবেন বলে জানা গেছে।
আজকে মনোনয়ন প্রত্যাশারী নোতাকর্মীদের মিছিল নিয়ে ভিড় করছে নয়াপল্টনে। সকাল থেকে খালেদা-জিয়া তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন, ব্যানার এবং নিজ প্রার্থীর ছবি নিয়ে মিছিল স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা।









