চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাস্যোজ্জ্বল এই ছবিটার দিকে তাকিয়ে কতোবার যে অশ্রুসিক্ত হলাম!’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 15, ডিসেম্বর 2018
in তারকাকথন, বিনোদন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কিংবদন্তি নির্মাতা, গীতিকার ও লেখক আমজাদ হোসেন। তার মৃত্যুতে চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনসহ শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। জনপ্রিয় এই নির্মাতা, অভিনেতা ও গীতিকারের মৃত্যুতে স্মৃতিচারণ করছেন শিল্প, সাহিত্য ও চলচ্চিত্রের গুণী মানুষরাও।

আমজাদ হোসেনের মৃত্যু সংবাদ শুনে সুদূর কানাডার অটোয়ায় বসে একটি সুখস্মৃতির বর্ণনা তুলে ধরলেন প্রখ্যাত ছড়াকার লুৎফর রহমান রিটন। আমজাদ হোসেনকে নিয়ে ফেসবুকে দেয়া ছড়াকার রিটনের স্মৃতিচারণটি চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো:

‘‘চ্যানেল আই অফিসে প্রযোজক জামাল রেজার কামরায় তুমুল আড্ডা জমিয়েছিলাম আমাদের চলচ্চিত্রের মাল্টিডাইমেনশনাল ক্যারেক্টার আমজাদ হোসেনের সঙ্গে। সময়কাল মার্চ ২০১৬। ভার্সেটাইল প্রতিভা আমজাদ ভাই। সেদিনের আলোচনার অলিখিত বিষয় ছিলো আমাদের সিনেমায় আমজাদ হোসেনের লেখা দুর্দান্ত সব গান। একক বক্তা আমি। মূখ্য শ্রোতা আমজাদ হোসেন। সঙ্গে আছেন গবেষক আহমাদ মাযহার। আমার বিরামহীন কথার তোড়ে মুগ্ধ বিস্ময়ে মাঝে মধ্যে সম্মতিসূচক মাথা নাড়ছিলেন হাস্যোজ্জ্বল আমজাদ হোসেন। আমার প্রিয় আমজাদ ভাই।

এক পর্যায়ে আমি ‘গোলাপী এখন ট্রেনে’ ছবির ‘আইছে দামান সাহেব হইয়া/বইছে মাথায় রুমাল দিয়া/ঘুমটা খোলার আগে তোমায় করি গো সাবধান/চান্দের আলো দেইখ্যা তুমি হইও না অজ্ঞান’ গানটা নিয়ে পড়লাম।

গানটির কথায় ও সুরে আমাদের গ্রাম বাংলার চিরচেনা সংস্কৃতির নির্দয় নিষ্ঠুর প্রেক্ষাপট এবং বিয়ের অনুষ্ঠানে পাত্রপক্ষ কর্তৃক পাত্রীপক্ষকে পীড়ন ও ঠকানোর বিষয়টিকে উপজীব্য করা হয়েছিলো। আমার ‘ফ্রেম টু ফ্রেম’ বর্ণনা আর বিশ্লেষণে আমজাদ ভাই রীতিমতো মুগ্ধ- তুমি তো মিয়া সাংঘাতিক! আমার সিনেমা নিয়ে এর আগে তোমার সঙ্গে অনেকবার আড্ডা দিয়েছি। আমার সিনেমার দর্শক হিশেবে তুমি দুর্ধর্ষ সেটা আমি জানতাম কিন্তু আমার গান নিয়েও তোমার এতো আগ্রহ আর এতো বিস্তারিত নলেজ সেটা আমি ধারণাও করি নাই।

আমি বললাম, আহা কী লিখছেন আমজাদ ভাই–‘দামান মিয়া কিপ্টার ব্যাটা/ শাড়ি আনছে বহর খাটা/ গয়না দিছে সদরঘাটের নকল সোনা/ মনে করছে গরিব মানুষ চিনতে পারবে না…’

আমজাদ ভাই, এই শেষ লাইনটায় এসে বুকটা কেমন মোচড় দিয়ে ওঠে। ধনীরা চিরকাল গরিবদের ঠকিয়ে এসেছে। ঠকানোর সেই বর্ণনায় আপনি যে উপমা ব্যবহার করেছেন তা এক কথায় বিস্ময়কর রকমের ইফেক্টিভ। মনে করছে গরিব মানুষ, চিনতে পারবে না। হ্যাঁ। চিনতে না পারারই কথা। স্বর্ণ বা সোনা গরিবরা চেনে না। এমনকি নকল সোনা ধরিয়ে দিলেও ব্যাটারা বুঝতেই পারে না ওটা আসল না নকল। স্বর্ণের মতো দেখতে হলেই হলো। এই যে সামাজিক বৈষম্য, এই যে দু’টি শ্রেণি চরিত্র, এই দু’টি শ্রেণি চরিত্রের চিত্রায়ণে মাত্র একটি পঙ্‌ক্তি- ‘মনে করছে গরিব মানুষ চিনতে পারবে না’-শোনার পরে বুকের ভেতর অদ্ভুত একটা চিনচিনে মোচড় আর চোখের ভেতর কয়েক ফোঁটা অশ্রুর টলটলে উপস্থিতি আমি টের পাই। টের পেয়েছিলাম মধুমিতা সিনেমা হলে বসে, আটত্রিশ বছর আগে, ১৯৭৮ সালে। আপ্নে একটা জিনিস আমজাদ ভাই!

এবং এর পরের প্যারাতেই আপনি লিখছেন- ‘রেলি সাইকেল চাইছে মিয়া/দশ গ্যারামের ধনী হইয়া/ তার বদলে দিতে আইছে পিতলের বালি/ এমন দামান মিয়ার মুখে দিলাম চুন কালি…’ আহা আমজাদ ভাই দুর্দান্ত। সোনার বদলে পিতলের গহনা দিতে এসেছে পাত্রপক্ষ, ঠাট্টার ছলে বলা বা গাওয়া হলেও এই গানটাই প্রতিষ্ঠিত করে দেয় আমাদের সমাজ কাঠামোয় ধনী গরিবের বৈষম্য আর গরিবের নিত্য ঠকে যাবার ধারাবাহিক ইতিহাসটা।

আমার স্মৃতিশক্তির ভূয়সী প্রশংসা করলেন আমজাদ ভাই। বললেন তুমি যেভাবে লাইন ধরে ধরে প্রতিটা প্যারা মুখস্ত বলে গেলে তাতে আমি অবাক না হয়ে পারিনি। আমার দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে এ পর্যন্ত আমাকে এরকম অবাক কেউ করতে পারেনি। কিন্তু একটা জায়গায় সামান্য একটু ভুল হয়েছে তোমার। তুমি বলেছো- ‘দামান মিয়া কিপ্টার ব্যাটা/ শাড়ি আনছে বহর খাটা’। আসলে আমি লিখেছিলাম- ‘দামান মিয়া কিপ্টার ব্যাটা/ছোনো আনছে আঠা আঠা।’ এইখানে তোমার সামান্য ভুল হয়েছে। হতেই পারে।

আমি বললাম, উহু আমজাদ ভাই। আমার মনে হয় ভুল হয়নি। আপনার লেখা গানে অই প্যারাটায় ‘দামান মিয়া কিপ্টার ব্যাটা/ শাড়ি আনছে বহর খাটা’ই ছিলো। ছোনো আনছে আঠা আঠা অন্য প্যারায় ছিলো। আমি বাজি ধরতে পারি। ধরবেন বাজি? নগদ একশো টাকা। যে জিতবে সে পাবে একশো টাকা।

বন্ধু আহমাদ মাযহার হই হই করে উঠলো- আমজাদ ভাই খবরদার গান নিয়া ওর সঙ্গে বাজি ধইরেন না। গান নিয়া বাজিতে রিটন কখনো হারে না।

আমজাদ ভাই মাযহারের কথাকে ফুঁ মেরে উড়িয়ে দিলেন- আমার লেখা গান আর জিতবে রিটন? এইটা হতেই পারে না। ধরলাম বাজি। ডান।

কিন্তু প্রমাণ করবা ক্যাম্নে?
জামাল রেজাকে বললাম- ওর স্মার্ট ফোনে ইউটিউবে গানের কলিটা লিখে সার্চ দিতে। খুব দ্রুতই জামাল খুঁজে পেলো গানটা। অতপর প্লে বাটনে ক্লিক করতেই ফুল ভল্যুমে বেজে উঠলো আইছে দামান। আমরা সবাই খুব মনোযোগ দিয়ে গানটা শুনছি। বউয়ের সাজে ববিতা। তাঁর পাশে বালিকা তারানা হালিম ও অন্যান্য সখিবৃন্দ। বিখ্যাত অভিনেত্রী আনোয়ারা ঠোঁট মেলাচ্ছেন নীনা হামিদের কণ্ঠের সঙ্গে- ‘দামান মিয়া কিপ্টার ব্যাটা/ শাড়ি আনছে বহর খাটা/ গয়না দিছে সদরঘাটের নকল সোনা/ মনে করছে গরিব মানুষ চিনতে পারবে না…’

হুর্‌রে…

আমি জিতে গেলাম। হতবাক আমজাদ ভাই ধরা পড়া কিশোরের মতো মুখ টিপে হাসছেন- এইটা কী হইলো!

মাযহার বললো- আমি আগেই আপ্নারে সাবধান করছিলাম আমজাদ ভাই ওর সঙ্গে বাজিটা ধইরেন না। দেখলেন তো!

আমজাদ ভাই হাসেন। পরাজিতের অপরূপ হাসি। নির্লিপ্ত ভঙ্গিতে আমি হাত বাড়াই-আমজাদ ভাই টাকাটা…!

নড়েচড়ে বসেন আমজাদ ভাই- আরে! সত্যি সত্যি একশো টাকা দিতে হবে তোমাকে!

হ্যাঁ। দিতে হবে।

পুরা একশো টাকাই নিবা?

হ্যাঁ। কোনো দামাদামি নাই।

না মানে না নিলে হয় না?

না হয় না। বাজির টাকা না নেওয়া গঠনতন্ত্র বিরোধী। ওটা দিতেই হবে।

মাপ কইরা দেওন যায় না জ্যাডা?

না বাজির টাকায় মাপের কারবার নাই। একদাম। একরেট।

অতঃপর আমজাদ ভাই তাঁর মানিব্যাগ খুলে একটা একশো টাকার নোট আমার হাতে অর্পণ করলেন।

ঐতিহাসিক সেই দৃশ্যটা মোবাইল ফোনের ক্যামেরায় ধরে রাখলো আহমাদ মাযহার।

মাযহারের তোলা আমাদের সেই হাস্যোজ্জ্বল ছবিটার দিকে তাকিয়ে আজ সারাদিন কতোবার যে অশ্রুসিক্ত হলাম!

প্রিয় আমজাদ ভাইয়ের কাছ থেকে পাওয়া একশো টাকার সেই নোটটা আমি খরচ করিনি। সঙ্গে করে নিয়ে এসেছি কানাডায়। অনেক যত্নে ওটা রেখে দিয়েছি। ওই নোটটায় আমজাদ ভাইয়ের স্মৃতির স্পর্শ লেগে আছে।

গুডবাই আমজাদ ভাই…’’

Tags: আমজাদ হোসেনগীতিকারছড়াকারলিড বিনোদন
Previous Post

রিজভীর মিথ্যাচারে ইবলিস শয়তানও লজ্জা পাবে: নানক

Next Post

‘দু-এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে মিস ওয়ার্ল্ড হবে’

Next Post

'দু-এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে মিস ওয়ার্ল্ড হবে'

ড. কামাল-স্বরাষ্ট্রমন্ত্রী

ড. কামালের আচরণ ষড়যন্ত্রের অংশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT