জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বরাবরই সুশাসন, সুষ্ঠু সরকার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশকে পরামর্শ ও উপদেশ দিয়ে এসেছে।
কিন্তু ইউএনডিপির পক্ষ থেকে দিনের পর দিন ন্যায়নীতির পরামর্শ দেয়া সাবেক কান্ট্রি ডিরেক্টর স্টেফান প্রিসনারও যে উপদেশের আড়ালে নিজেই দুর্নীতি করেছেন তা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।
স্ট্যাটাসে তিনি লিখেছেন:
“সুশাসন নিয়ে যিনি নিয়মিত জ্ঞান দিতেন তিনি নিজেই অপকর্মে লিপ্ত হলেন। তিনি আর কেউ নন। ইনি হলেন ইউএনডিপি-র সাবেক কান্ট্রি ডিরেক্টর মি. স্টেফান প্রিসনার। এই দেশে ২০০৮-২০১২ সময়ে এই ব্যক্তির উপদেশ অনেকে শুনেছেন। তার দ্বৈততা আজ উম্মোচিত হলো। শুল্কমুক্ত গাড়ি এনে আইন ভেঙ্গে হস্তান্তর করে দেশ ত্যাগ করেন।
আজ রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের অভিজাত বাড়ি থেকে শুল্ক ফাঁকি দেয়া মহাশয়ের হলুদ প্লেটের পাজেরো জিপটি আটক করে শুল্ক গোয়েন্দার দল। প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, তিনি ইস্যুকৃত কাস্টমস পাসবইটিও জমা দেননি। ধারণা করা হচ্ছে ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে এই গাড়ি স্থানীয় সহকর্মী (যিনি প্রিভিলেজড পারসন নন)-র কাছে বিক্রি করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, তিনি এখন উজবেকিস্তানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি হিসেবে আছেন। এই উপদেশদাতাকে এখন কী উপদেশ দিবেন!!!”
বক্তব্যের প্রমাণ হিসেবে মইনুল খান জব্দ করা স্টেফান প্রিসনার এবং গাড়ির বেশ কিছু ছবি ও প্রিসনারের পরিচয় পোস্টে যোগ করেছেন।













