বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রভাবে পিছিয়ে দেয়া হল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গেমস পিছিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ বশির আহমেদ।
আগামী ১ এপ্রিল শুরু হওয়ার কথা ছিল গেমস। ৩১টি ডিসিপ্লিনে এই আসর শেষের কথা ছিল ১০ এপ্রিল। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ ব্যক্তির খবরের পর ঝুঁকি এড়াতে পিছিয়ে দেয়া হল গেমস। পরে জানিয়ে দেয়া হবে নতুন সূচি।
করোনা ভাইরাসের কারণে এরইমধ্যে স্থগিত করা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ-বিশ্ব একাদশের টি-টুয়েন্টি ম্যাচ। স্থগিত হয়েছে ফুটবল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচও। সবদিক বিবেচনায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর গেমস পিছিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা জানায় বিওএ।
মূলত জনসমাগম এড়িয়ে চলার জন্যই এই সিদ্ধান্ত নেয়ার কথা জানান বশির আহমেদ, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জায়গায় পিছিয়ে দেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জনসমাবেশ যতটুকু কম পারা যায় করার। আমাদের লক্ষ্য ছিল গেমসের উদ্বোধনটা একটু জমকালোভাবে করার। কিন্তু সাবধানতার জন্য আমাদের এসব ভিড় কম করতে বলা হয়েছে।’
‘আমাদের সভাপতি এবং মহাসচিব সকালে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর নির্দেশনার জন্য। তার বক্তব্য হল, খেলোয়াড়রা যেন সুস্থ থাকে। চ্যাম্পিয়নশিপে খেলতে পারে। প্রয়োজনে গেমস পিছিয়ে দেয়ার নির্দেশনা এসেছে তার পক্ষ থেকে। এরপরই আমরা বসেছি। যেহেতু জন্মশতবার্ষিকীর আসল অনুষ্ঠানটা পিছিয়ে গেছে, তাই আমরাও গেমস পিছিয়ে দিচ্ছি।’









