কোপা আমেরিকার চলতি আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার সকালে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট কাটে স্বাগতিকরা। যেটি সেমিতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সুযোগ করে দিয়েছে।
কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলেই ফুটবলবিশ্ব ধ্রুপদী ফুটবল রোমাঞ্চে ভাসার সুযোগ পাবে। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায় সেরা চারের টিকিট পেতে ভেনেজুয়েলা পরীক্ষা মেসি-আগুয়েরোদের। তাতে পাশ করলেই টানা তৃতীয় ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হতে হবে। ২ জুলাই ম্যাচের নির্ধারিত সূচি।
২০১১ ও ২০১৫ সালের কোপা আমেরিকায় প্যারাগুয়ের কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। এবারের জয়ে সেই হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিল সেলেসাওরা।
সেখান ২০১৬ কোপা আমেরিকার আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় ব্রাজিল। একই আসরের ফাইনালে খেলে আর্জেন্টিনা। হারে চিলির কাছে। কোপার শতবর্ষী বিশেষ আয়োজনেও চিলির কাছে শিরোপার মঞ্চে হারে আলবিসেলেস্তেরা। এবার কোয়ার্টার পেরোতে পারলে আরও বড় বাধা। সেখানে ২০০৭ সালের পর প্রথমবারের মতো কোপার শিরোপা জেতার মিশনে আর্জেন্টিনাও বড় বাধা হতে হতে পারে কৌতিনহো-আলভেজদের।
আর্জেন্টিনার যে ফর্ম, তাতে অবশ্য ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখার অপেক্ষায় জল পড়তে পারে! সমর্থকরা হতে পারেন হতাশ। মেসিদের পারফরম্যান্স এবার বেশ বিবর্ণই। সেমিতে ওঠার পথটা তাদের জন্য সহজ হবে না।
কলম্বিয়ার কাছে হার দিয়ে কোপা আমেরিকা শুরু করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে ছিটকে পড়ার হুমকিতে ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়নরা। পরে গ্রুপপর্বের শেষ ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নেয় আর্জেন্টিনা।
গত মার্চে অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ড ওয়াডা মেত্রোপলিটানোয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। চলতি কোপা আমেরিকায় এমনিতেই আকাশী-নীলদের পারফরম্যান্স যাচ্ছেতাই, সেমিতে উঠতে হলে তাই নিজেদের সেরাটাই দিতে হবে মেসিদের। সেই পরীক্ষায় উতরে যেতে পারলে ফুটবলপ্রেমীরা আরেকটি ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ রোমাঞ্চই উপভোগের সুযোগ পাবেন।









