সালমান খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এ সাল্লু-তাঙ্গুর হাস্যরস দর্শকদের কাছে বেশ উপভোগ্য হবে বলে আশা করছেন সবাই। কবির খানের এই ছবিটি এবার ঈদে মুক্তি পাচ্ছে। ছবির প্রচারণার অংশ হিসেবে পরিচালক কবির খান এবং অভিনেতা সালমান মাঝে মধ্যে শুটিংয়ের কিছু দৃশ্য টিজার ইমেজ হিসেবে ভক্তদের জন্য শেয়ার করছেন। তেমনই একটি ছবি আজ সোমবার সালমান খান তার ফেসবুক পেজে শেয়ার করেন, হ্যাশ ট্যাগে লেখা আছে, ‘ভাইগিরি!’
ছবিতে সালমানের ভাই সোহেল খান খুব মজা করে সালমানের ঘাড়ে চেপে বসে তাকে মারার চেষ্টা করছেন। দেখে মনে হবে ভাই ভাই মরামারি করছেন! কিন্তু তেমন কিছুই না, ‘টিউবলাইট’ সিনেমার শুটিংয়ের একটি দৃশ্য মাত্র।
কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবিতে সালমান খানের ভাই সোহেল খান পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তবে বাস্তবের মতো ছবিতেও ভাই হিসেবেই দেখা যাবে সোহেল খানকে।
১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত ‘টিউবলাইট’ ছবিতে একজন চীনা মেয়ের সঙ্গে একজন ভারতীয়ের প্রেমের ঘটনা দেখানো হবে। ঈদকে সামনে রেখে সিনেমাটি মুক্তি পাবে।










