পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ তার পরিবারের সম্পদের বিষয়ে দুদকের প্রতি অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান সোমবার হাইকোর্টে এই রিটটি করেছেন। রিটে বেনজীর আহমেদের পরিবারের সদস্যদের সম্পদ নিয়ে সম্প্রতি কালেরকণ্ঠ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের আলোকে অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়েছে। সেই সঙ্গে বেনজীরের সম্পদের অনুসন্ধান করতে দুদকের নিস্ক্রীয়তাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
এই রিটে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, দুদক কমিশনার (তদন্ত), দুদক কমিশনার (অনুসন্ধান) ও দুদক সচিবকে বিবাদী করা হয়েছে।
রিটের বিষয়ে আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান বলেন, গত ৩১ মার্চ ও ২ এপ্রিল দৈনিক কালেরকণ্ঠ পত্রিকায় বেনজীর আহমেদের সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। সে প্রতিবেদন প্রকাশের পরও দুর্নীতি দমন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। তাই অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়েছে।
এদিকে গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বেনজীর আহমেদের সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেন।









