ছয় ঋতুর জন্য ছয়টি রাগ এবং সমাপনি এক রাগসহ সাত রাগে সাজানো হয়েছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এর শুরু। ১১ মিনিটের এই যন্ত্রসঙ্গীতে ব্যবহার করা হয়েছে সব দেশি বাদ্যযন্ত্র। এর মধ্যে রয়েছে এস্রাজ, সন্তুর, সেতার, সরোদ, বাঁশি, তবলা, পাখোয়াজ।
এছাড়া যন্ত্রানুসঙ্গীতের ৬ ভাগে থাকছে ছয় রকম পোশাকে ছয় ঋতুনির্দেশক নৃত্য। গ্রীষ্মকালের জন্য মালকোষ, বর্ষায় দেশ, শরতের দুর্গা রাগ, হেমন্তের জন্য হেমন্তরাগ, শীত ললিত আর বসন্ত রাগ বসন্ত এবং সমাপনীতে হংসধ্বনি রাগ দিয়ে এই মিউজিক্যাল পিস করেছেন সানী জুবায়ের।
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জাতীয় পুরস্কার পাওয়া সানী জুবায়ের চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘চ্যানেল আই এর মিউজিক অ্যাওয়ার্ড অনেক আগেই তার মর্যাদার আসন দখল করে নিয়েছে। এবার আমাকে নিরীক্ষার পুরো সুযোগ দিয়েছিল। আমি সুযোগ নিয়েছি।’
তিনি আরও বলেন, বাংলাদেশকে যন্ত্রের সুরে বাঁধতে চেয়েছি আমি। আশা করি এই প্রচেষ্টা সবার পছন্দ হবে।
২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘১২তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সংগীতের ১৬টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। পাঁচজন সুরকার ও সংগীত পরিচালক আলাদা করে সম্মাননা পাবেন।









