কিশোরগঞ্জে বারি জাতীয় সরিষার ফলন হেক্টর প্রতি দেড় হাজার কেজি হয়েছে। আমন ধান কাটার পর বোরো আবাদের আগে পতিত জমিতে সরিষা চাষ করছেন কৃষক। অন্যদিকে চাষীরা সরিষা ক্ষেতে মৌ চাষ করে বাড়তি আয় করছে।
স্থানীয় কৃষকরা জানায়, এ বছর সরিষার আবাদ ভালো হয়েছে এবং চাষীরা ভালো ফলন পেয়েছে। কৃষকরা তাদের ক্ষেতে কৃষি অনুদান নিয়ে সরিষার চাষ করে লাভবান হয়েছেন।
এ অঞ্চলে সরেজমিনে সরিষা ক্ষেতে গিয়ে দেখা গেছে, এখন সরিষার মাঠে মৌ চাষীদের আনা গোনা। কৃষকরা মাঠের পাশেই নির্দিষ্ট বাক্স বসিয়ে মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, এই মৌ চাষের ফলে পরাগায়ণ বাড়বে এবং সরিষার ফলন বৃদ্ধি পাবে।
কিশোরগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম বলেন, আমাদের যে উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে আশা করছি তার চেয়ে ফলন বেশি হবে।
কারণ হিসেবে তিনি বলেন, যেখানে মৌ চাষের জন্য বাক্স বসানো হয়েছে সেখানে লক্ষ মাত্রার চেয়ে বেশি ফলন আসবে বলে আমরা মনে করছি।
এই জেলায় এবার সরিষা চাষ হয়েছে সাত হাজার আটশত পঞ্চাশ হেক্টর জমিতে।






