আগামী বাজেটে দেশের জনশক্তির দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং সার্বিকভাবে শিক্ষার মানোন্নয়নকে সবচেয়ে গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তির অর্থের সর্বোত্তম ব্যবহারেরও অনুরোধ জানান তিনি।
অসচ্ছল পরিবারের মেধাবীদের ডাচ বাংলা ব্যাংক বৃত্তি প্রদানের অনুষ্ঠানে এসব কথা জানান অর্থমন্ত্রী।
বেসরকারী খাতের অন্য প্রতিষ্ঠানকে ডাচ-বাংলা ব্যাংকের মতো সমাজসেবায় এগিয়ে আসার অনুরোধ জানান অতিথিরা।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন,‘আশা করবো এই কার্যক্রম বর্তমানের মতো আরও সুদৃঢ়ভাবে দেশ ও জাতি গঠনে নিঃস্বার্থভাবে কাজ করবে’।
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আবুল মাল আবদুল মুহিত, তবে শিক্ষাই তার ভালো লাগার জায়গা বলে জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশে দক্ষতার ব্যাপক অভাব রয়েছে এজন্য আমরা ঠিক করেছি আগামী যে বাজেট দেবো তাতে দক্ষতা হবে সবচেয়ে প্রাধান্য প্রাপ্তখাত।
সমাজ উন্নয়নে সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করবে ডাচ-বাংলা ব্যাংক। গত ১৫ বছর ধরে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে ব্যাংকটি। এই সময়ে বিশ হাজার ৯’শ ১ জন বৃত্তির অর্থে শিক্ষার সুযোগ পেয়েছে, এদের মধ্যে অনেকেই নানান পেশায় সফল হয়ে সমাজ গঠনে অবদান রেখেছেন।
১৯৯৬ সালে যাত্রা শুরুর ৫ বছরের মাথায় সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে বিনিয়োগ করে এরই মধ্যে নিজেদের ভিন্নরকম ব্র্যান্ডিং করেছে ডাচ-বাংলা ব্যাংক।









