মৃত্যুদণ্ডাদেশ পাওয়া যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর করা আপিল শুনানিতে আসামীপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আপিল বিভাগের বিচারিক কাজ আজকের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে অালম।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি চলছে। গতকাল সোমবার এ মামলায় শেষ হয় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন।
এর আগে ২৫ নভেম্বর নিজামীর পক্ষে ৩০ নভেম্বর এবং ১ ও ২ ডিসেম্বর যুক্তি তুলে ধরেন আসামীপক্ষ।
মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে আনা হত্যা, বুদ্ধিজীবীদের গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, দেশত্যাগে বাধ্য করা, আটক, নির্যাতনসহ ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়। এসব অভিযোগে ২০১৪ সালের ২৯ অক্টোবর তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে ২৩ নভেম্বর মতিউর রহমান নিজামী আপিল করেন। মোট ১৬৮টি কারণ দেখিয়ে এ আপিল করা হয়। ছয় হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চাওয়া হয়।
তবে শুনানি চলাকালে নিজামীর বিরুদ্ধে প্রমাণিত বিষয়গুলোতে মৃত্যুদণ্ডের সাজা কমাতে আবেদন জানান আসামীপক্ষের আইনজীবীরা।






