নাজমুল হোসেন শান্ত ও আল-আমিনের ঝড়ো ব্যাটিংয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। কক্সবাজারে সিরিজের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
বৃষ্টির কারণে পরিবর্তিত সূচিতে টানা তিন দিন ম্যাচ। তৃতীয় ম্যাচের মত বুধবারের চতুর্থ ম্যাচটিও নামিয়ে আনা হয় ২০ ওভারে। তাতে আইরিশদের করা ১৭০ রান বাংলাদেশ পেরিয়ে যায় ২ বল হাতে রেখেই।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৭০ রান তোলে আয়ারল্যান্ড। সফরকারীদের প্রায় একাই টেনেছেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। সর্বোচ্চ ৮৩ রান এসেছে তার ব্যাটে।
চতুর্থ উইকেটে শন টেরিকে নিয়ে ৪৩ বলে ৬৫ রানের জুটি গড়েন বালবার্নি। ইমরান আলির বলে ফেরার আগে ৫১ বলে ৭ চার ও ৪টি ছক্কায় ইনিংস সাজান তিনি।
দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করা শন টেরিকেও ফেরান ইমরান। পরে সিমি সিংকে ফিরিয়ে বাংলাদেশের সফলতম বোলার এই পেসারই।
রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই ৫ বলে ৫ রান করা এনামুল হক বিজয়কে হারায় স্বাগতিকরা। তবে শান্তর ব্যাটে ঝড় চলছিল। তাতে বাংলাদেশের রানরেট শুরু থেকেই ছিল কক্ষপথে। ৪ চার ও ৩ ছক্কায় ২৬ বলে ৪৭ রানে সাজঘরে ফেরেন শান্ত।
সেখান থেকে আল-আমিন দলকে এগিয়ে নেন। ৪০ বলে ৬৭ রান করে দলকে জয়ের বন্দরে রেখে সাজঘরে ফেরেন তিনি। ইনিংসটিতে ছিল ৮ চার ও ২ ছক্কার মার।
পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশ ‘এ’ ৩-০তে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।









