বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি শহীদুল ইসলাম খোকন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকালে রাজধানীর উত্তরায় আধুনিক মেডিকেল হাসপাতালে তিনি মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত হয়ে গত তিন মাস ধরে উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শহীদুল ইসলাম খোকন। সকালে তার মৃত্যু খবর পেয়ে তার উত্তরার বাসায় ছুটে যান চলচ্চিত্র অঙ্গণে সহকর্মীরা।
বাদ যোহর উত্তরা চার নম্বর সেক্টর জামে মসজিদে তার প্রথম নামাযে জানাযা শেষে শহিদুল ইসলামের মরদেহ নেওয়া হয় তার কর্মস্থল এফডিসিতে। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ আসর তাঁর দ্বিতীয় নামাজে জানাযা হবে।
অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার সহকারী হিসেবে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন শহীদুল ইসলাম খোকন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘রক্তের বন্দী’। তবে শহীদুল ইসলামকে জনপ্রিয়তা এনে দিয়েছে মার্শাল আর্ট আর অ্যাকশন ঘরানার চলচ্চিত্র।
ইমপ্রেস টেলিফিল্মের ছবি লাল সবুজ পরিচালনা করেছেন শহিদুল ইসলাম খোকন। এছাড়া ভণ্ড, পালাবি কোথায়, ম্যাডাম ফুলি, বাঙলা ও ঘাতক-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন এই নির্মাতা। এই গুণী নির্মাতার হাত ধরে চলচ্চিত্রে আসেন হুমায়ূন ফরিদী, সুবর্ণা মেস্তফা, শিমলা, ড্যানি সিডাকের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা।









