চীনের বরেণ্য অভিনেত্রী লি লি হুয়া (৯২) আর নেই। গতকাল সোমবার হংকংয়ে মারা যান তিনি। ১৯৪০ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত ১২০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার প্রথম ছবি ‘থ্রি স্মাইলস’ মুক্তি পায় ১৯৪০ সালে। প্রথম ছবিতেই দারুণ সাফল্য। এরপর পুরো চার দশকে তার সাফল্য যেন আকাশ ছোঁয়া। দীর্ঘ উজ্জ্বল ক্যারিয়ারের জন্য তাঁকে ‘চীনের চিরসবুজ বৃক্ষ’ উপাধি দেওয়া হয়।
লি লি হুয়া প্রথম চীনা নায়িকা, যিনি হলিউডের ছবিতে অভিনয় করেছেন। হলিউডে তার প্রথম ছবি ‘চায়না ডল’ মুক্তি পায় ১৯৫৮ সালে। ছবিতে তিনি অভিনয় করেন ভিক্টর ম্যাচুরের সঙ্গে।
১৯৪৮ সালে তিনি চীন থেকে হংকংয়ে চলে আসেন। মৃত্যু পর্যন্ত তিনি হংকংয়েই ছিলেন।
২০১৫ সালে তাইওয়ানের গোল্ডেন হর্স অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় লি লি হুয়াকে। হুইল চেয়ারে করে তাকে মঞ্চে নিয়ে আসা হয়। তার হাতে সম্মাননা তুলে দেন জ্যাকি চ্যান। ভ্যারাইটি।










