লাল দুর্গের রাজা তিনি। উপলক্ষ ছিল ‘লা ডেসিমা’ জেতার। প্যারিসে সেটিও জিতে ফেললেন রাফায়েল নাদাল। কিংবদন্তি এই টেনিস খেলোয়াড় ফ্রেঞ্চ ওপেনে নিজের ১০ম শিরোপাটি জিতেছেন রোববার! নোভাক জোকোভিচকে পেছনে ঠেলে র্যাঙ্কিংয়ের দুইয়েও উঠে এসেছেন।
রোলাঁ গারোঁয় ২০১৫ সালের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের তারকা স্তানিস্লাস ভাভরিঙ্কাকে ৬-২, ৬-৩, ৬-১ গেমে হারিয়ে মাইলফলক শিরোপাটি উঁচিয়ে ধরেছেন স্প্যানিশ তারকা নাদাল।
তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভাভরিঙ্কাকে ১৯ বারের দেখায় ১৬ বারই হারের স্বাদ দিলেন ৩১ বছর বয়সী নাদাল। সঙ্গে আসরে কোন সেট না হেরেই শিরোপার কীর্তি গড়লেন। ৭ ম্যাচে মাত্র ৩৫ টি গেম হেরেছেন তিনি।
আর্জেন্টিনার মারিয়ানো পুয়ের্তোকে হারিয়ে ২০০৫ সালে শুরু হয়েছিল। রোলাঁ গারোঁতে পরে টানা চারবার হেসেছে নাদালের র্যাকেট। ২০০৯ সালে সিংহাসন হারান রাজা। ফেরেন ২০১০ সালে, সেবারসহ পরের টানা চার আসরে আবারো লাল দুর্গ মাতান। দশ নম্বরটি এল এবার।

টেনিসের উন্মুক্ত যুগে প্রথম আর ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ড স্ল্যামে ১০টি শিরোপা জিতলেন নাদাল। অস্ট্রেলিয়ার মেয়েদের সাবেক সেরা মার্গারেট কোর্ট স্বদেশী ওপেনে ১১টি শিরোপা জিতে এগিয়ে আছেন।

সব মিলিয়ে ক্যারিয়ারে নাদালের এটা ১৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়। ছাড়িয়ে গেলেন ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক যুক্তরাষ্ট্রের কিংবদন্তি পিট সাম্প্রাসকে। আর ১৮টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঁচিয়ে শীর্ষে আছেন আরেক কিংবদন্তি রজার ফেদেরার।









