নিজেদের টেস্ট ইতিহাসে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি সময় জয়হীন থাকার লজ্জার রেকর্ড গড়ার পর স্বস্তির জয় পেয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কায় খেলতে গিয়ে প্রথম টেস্টে একদিন হাতে রেখে ২১১ রানে জয় পেয়েছে দলটি। ১৪ ম্যাচ পর এল বিদেশে জয়।
ইংল্যান্ড বিদেশের মাটিতে সর্বশেষ জয় পায় ২০১৬ সালে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ২২ রানে হারিয়েছিল দলটি।
এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট নিয়ে শেষ করলেন। বিদায়ী ম্যাচে নিতে পেরেছেন তিন উইকেট। ওয়ানডেতে ৭৪ ও টি-টুয়েন্টিতে ১৮ উইকেট আছে ৪০ বছর বয়সী বাঁহাতি স্পিনার হেরাথের।
গলে ইংলিশরা টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। উইকেটরক্ষক-ব্যাটসম্যান অভিষিক্ত বেন ফোকসের সেঞ্চুরিতে (১০৭) সংগ্রহ করে ৩৪২ রান। দিলরুয়ান পেরেরা ৫ উইকেট নিলেও প্রথম ইনিংসে প্রতিপক্ষকে অল্পতে আটকাতে ব্যর্থ হন।
জবাব দিতে নেমে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২০৩ রানে গুটিয়ে যায়। মিডল-অর্ডারে ম্যাথুজ ১২২ বলে ৫২ রান করে দলকে পথে রাখার চেষ্টা করেন। আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি।
মঈন আলী ৬৬ রানে নেন ৪ উইকেট। দুই উইকেট নেন জ্যাক লিচ।
১৩৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। এই ইনিংসে সেঞ্চুরি হাঁকান জেনিংস। ২৮০ বলে ১৪৬ রান করেন। মিডল-অর্ডারে বেন স্টোকস ৬২ রানের ইনিংস খেললে স্কোর ৩২২’এ চলে যায়।
৪৬২ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে খেই হারায় স্বাগতিকরা। চতুর্থদিন তারা গুটিয়ে যায় ২৫০ রানে। এ ইনিংসেও ম্যাথুজ একাই লড়াই করেন। ৯২ বলে ৫৩ করে সাজঘরে ফেরেন। মঈন আলী আবারও নেন ৪ উইকেট। লিচ ফেরান তিনজনকে।
দুই ইনিংস মিলে ১৪৪ রান করা ফোকস ম্যাচসেরা হয়েছেন।









