র্যাব-১ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের দাবি ওই ব্যক্তি মাদক ও অস্ত্র ব্যবসায়ী।
সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে রাজধানীর খিলক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযান পরিচালনার সময় র্যাবের এক সদস্য আহত হন। স্পট থেকে একটি ওয়ান শুটার গান , দুইটি শর্টগান, দশটি কারতুজ ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব-১ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র এএসপি মো. কামরুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, সোমবার দিবাগত রাত সোয়া একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টহলদার র্যাব সদস্যরা জানতে পারে খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায় একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ী বৈঠক করছে। সেসময় র্যাবের অভিযান টের পেয়ে অপরাধীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়কালে মাদক ও অস্ত্র ব্যবসায়ী মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)নিহত হন।
কামরুজ্জামান বলেন, অভিযান শেষে মিন্টুকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় র্যাবের এক টহলদার সদস্য আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রাম দিয়েছেন চিকিৎসকরা।









