ইংল্যান্ড দলের সাবেক পেসার জোনাথন আগ্নেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন জো রুটকে। মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে হতাশার হারের পর এমন বলেছেন তিনি।
অ্যাশেজের তৃতীয় টেস্টে এক ইনিংস এবং ১৪ রানে হেরেছে ইংলিশরা। শেষ ইনিংসে মাত্র ৬৮ রানে অলআউট হয় ইংল্যান্ড। হারের পর সমালোচনার মধ্যে থাকা রুটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে জোরেশোরেই। অধিনায়কত্ব থেকে রুট সরে না দাঁড়ালে অবাক হবেন বল জানিয়েছেন জোনাথন।
‘এই হারের পরেও রুট অধিনায়কত্ব চালিয়ে গেলে বেশ অবাক হবো। খুবই ক্লান্ত এবং বিষাদপূর্ণ একটা চেহারা দেখেছি আজ তার।’
এক বর্ষপঞ্জিতে তৃতীয় সর্বোচ্চ রান তোলা আত্মবিশ্বাসী রুট অবশ্য এখনই এসব নিয়ে ভাবছেন না। ভুল হচ্ছে স্বীকার করেও সিরিজটি থেকে কিছু অর্জন করে বাড়ি ফেরার দিকে মনোযোগ তার।
অ্যাশেজের আগেই রুটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। দ্বিতীয় টেস্টের পর সেই আলোচনায় ঘি ঢেলেছিলেন আরেক অজি সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এবার নিজ দেশের সাবেকও সমালোচনায় সামিল রুটের।
মেলবোর্নে জিতে পাঁচ ম্যাচের অ্যাশেজ ৩-০তে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সেই হারের মাধ্যমে এক বছরে সর্বাধিক টেস্ট পরাজয়ের রেকর্ডে বাংলাদেশের পাশে বসেছে ইংল্যান্ড। দুদলের এখন এক বছরে হার ৯টি।









