মৌসুম শুরুর আগে স্প্যানিশ সুপার কাপে প্রথম যখন বার্সেলোনার ডাগআউটে দাঁড়ালেন আর্নেস্টো ভালভার্দে দেখলেন রিয়াল মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে উড়ে যাচ্ছে তার ‘নতুন’ দল। মৌসুমের মাঝপথে আরেক ক্লাসিকোতে ডাগআউটে দাঁড়িয়ে রিয়ালের বিপক্ষে ৩-০ গোলে দলকে ম্যাচতো জিতিয়েছেনই, সঙ্গে নিজের প্রথম লা লিগা শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছেন। এমন দিনে প্রতিপক্ষকে বার্সা বস ‘কঠিন সত্য’ মেনে নেয়ার সান্ত্বনা দিচ্ছেন।
‘এটা একটা শিক্ষা। প্রাক-মৌসুমে রিয়াল দারুণ খেলেছিল। ভাল অবস্থানে ছিল। আজ আমরা সেই অবস্থানে। ফুটবলে উত্থান-পতন থাকে। এটাই আসলে কঠিন সত্য।’ ম্যাচের পর বলছিলেন ভালভার্দে।
মৌসুমের প্রথম এল ক্লাসিকো জেতার পথে জিদানের দলের থেকে ১৪ পয়েন্টে এগিয়ে বার্সা। লিগের অর্ধেক বাকী থাকতেই উঁকি দিচ্ছে শিরোপা স্বপ্ন। কিন্তু এখনই আনন্দের সাগরে ভাসতে রাজী নন ভালভার্দে, ‘লিগের অর্ধেকও এখনো শেষ হয়নি। শিরোপা জেতার মতোও পয়েন্ট হয়নি। প্রচুর চোরা স্রোত আছে। আমরা হয়তো এগিয়ে আছি। তাই বলে শিরোপা জিতে গেছি এমনটা নয়।’
শনিবার রিয়ালের মাঠে দ্বিতীয়ার্ধের তিন গোলে জয় পায় বার্সা। প্রথম গোলটি করেন সুয়ারেজ। দ্বিতীয় গোলটি মেসির পেনাল্টি থেকে। শেষ গোলটি আসে ভিদালের পা থেকে।









