‘রিচার্ড মার্কস লাইভ ইন ঢাকা’ আয়োজনে রিচার্ড মার্কস প্রথমেই শোনালেন ‘এন্ডলেস সামার নাইট’ গানটি। এরপর আরও চারটি গান। এবার মঞ্চে আমন্ত্রণ জানান বাংলাদেশের গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদকে। রিচার্ড মার্কস গাইবেন তার খুব জনপ্রিয় ‘হ্যাজার্ড’ গানটি। এই গানে তার একজন গিটারিস্ট প্রয়োজন। ফয়সালের গিটার মুগ্ধ করেছে যুক্তরাষ্ট্রের গত শতকের আশি ও নব্বই দশকের জনপ্রিয় এই পপ ও রক গায়ককে। প্রশংসা করেছেন ফয়সালের। আর কাজী ফয়সাল আহমেদের স্ত্রী আলিফ আলাউদ্দিন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘রিচার্ড মার্কসের সঙ্গে গিটার বাজাচ্ছেন আমার স্বামী।’
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চে আসেন রিচার্ড মার্কস। এ সময় তার গায়ে ছিল কালো ব্লেজার, কালো প্যান্ট, কালো শার্ট আর হাতে অ্যাকুয়েস্টিক গিটার, কণ্ঠে জনপ্রিয় হওয়া সব গান। শুরুতে তার সঙ্গে শুধু অ্যাকুয়েস্টিক গিটার থাকলেও শেষ দিকে পিয়ানোতে সুর তোলেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠানটি আয়োজন করে ক্রেইনস।

ঢাকায় এসে অবাক হতে হলো রিচার্ড মার্কসকে। কারণ কয়টা গান তিনি একা গেয়েছেন, তা বোঝার জন্য তাকে ফিরে গিয়ে ভিডিও দেখতে হবে। বেশির ভাগ গানেই তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন হল অব ফেমের সব দর্শক। শুধু তা–ই নয়, দর্শকেরা তাদের পছন্দের গান গাওয়ার জন্য অনুরোধ করেন এই শিল্পীকে। আর দর্শকদের তিনি বলেছেন, ‘আজ কোনো বাধা নেই। চাইলে আপনারা নাচতেও পারেন।’
গানের ফাঁকে জানালেন, তার তিন সন্তান। মঞ্চের পেছনের বড় পর্দায় তখন ভেসে ওঠে তার সন্তানদের ছবি।
রিচার্ড মার্কসের গান মুগ্ধ করেছে সবাইকে। আর কাছ থেকে এই বিখ্যাত শিল্পীর গান নিজের জীবনের এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে দর্শকদের।










