মাত্র ১২৫ রানের মামুলি লক্ষ্য, সঙ্গে চিটাগং ভাইকিংসের হয়ে ওপেন করতে নামেন ক্রিস গেইল ও তামিম ইকবাল। এই জুটি ওপেন করতে নামলে যা হবার কথা তাই হলো।ওপেনিং জুটিতে এলো ৭০ রান। যার মধ্যে গেইলের ৪০ রান। গেইল আউট হয়ে ড্রেসিং রুমে ফিরলেও ব্যাট চালিয়ে গেছেন তামিম। তুলে নিয়েছেন ফিফটি। মূলত এই দুজনের ঝড়ো ব্যাটিংয়ে রংপুর রাইডার্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চিটাগং ভাইকিংস।
গেইল শুরুতে কিছুটা রক্ষণাত্মক পরিচয় দিলেও মিরপুরের হোম অব ক্রিকেটে অগণিত দর্শকের চিৎকার যেন পৌছে গেল গেইলের কাছে দৈব্য বাণীর মতোই।
ষষ্ঠ ওভার করতে আসা রুবেল হোসেনকে বাউন্ডারি হাঁকিয়ে বাউন্ডারির খাতা খুলেন। তবে ছ্ক্কার জন্য অপেক্ষা করতে হয় পরের ওভারে। সোহাগ গাজীর করা সপ্তম ওভারের শেষ দুটি বলে বিশাল ছক্কা হাঁকান ক্রিস গেইল।
আফ্রিদির করা নবম ওভারে চতুর্থ ও পঞ্চম বলে আবারো দুটি বিশাল ছক্কা, পরের বলে ছক্কা হাঁকাতে গিয়েই আনোয়ার আলীর কাছে তালুবন্দি হন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।
তামিম ইকবাল ৪৮ বলে ৯ট চার ও ১টি ছয়ে অনবদ্য ৬২ রানের ইনিংস খেলেন।
এরআগে বিপিএলের রোববারের গুরুত্বপূর্ণ ম্যাচে চিটাগং ভাইকিংসকে মাত্র ১২৫ রানের লক্ষ্য দিয়েছে রংপুর রাইডার্স। মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে চিটাগংয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে মাত্র ১২৪ রান সংগ্রহ করে রংপুর।
দলের পক্ষে ওপেনার সৌম্য সরকার সর্বোচ্চ ২৬ রান করেন। চিটাগংয়ের বোলারদের পক্ষে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ নবী।









