ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সাইফুল ইসলামকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
মঙ্গলবার বিকেলে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর বিভাগটির চতুর্থ বর্ষের এক ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন তিনি।
পরদিন ওই ছাত্রী উপাচার্য ও প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। এরপর ১৫ সেপ্টেম্বর বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সাইফুল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবিতে তার কার্যালয় অবরুদ্ধ করে রাখে।
ওই বছরের ১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সাইফুল ইসলামকে স্থায়ীভাবে চাকুরিচ্যুতির সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।






