টানা তিন ম্যাচে হারের পর কানাডার বিপক্ষে ৫-২ গোলের জয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। যুব অলিম্পিকে হকিতে এবার টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজ যুবারা। হারিয়েছে কেনিয়াকে।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে কেনিয়ার বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে বাংলাদেশ।
এই জয়ে প্রতিযোগিতার কোয়ার্টারে উঠে গেছে বাংলাদেশ। সেমিফাইনালের টিকিট পেতে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় স্বাগতিক আর্জেন্টিনার মুখোমুখি হবে যুবারা।
শুরুতে পিছিয়ে পড়লেও সাত ও আট মিনিটে দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। গোল দুটি করেন সারওয়ার শাওন ও মোহাম্মদ মহসিন। পরে হাসান ও আরশাদ হোসেন গোল পেলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজরা।
বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ০-১০ গোলে হারে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও ৩-৪ ব্যবধানের হার হজম করতে হয়। তৃতীয় ম্যাচে অস্ট্রিয়া জিতেছিল ০-৩ গোলে।
এবার যুব অলিম্পিকের হকিতে বাংলাদেশের খেলার কথা ছিল না। নিয়ম অনুযায়ী এশিয়ান অঞ্চল থেকে সেরা দুটি দলের মূলপর্বে খেলার কথা ছিল। বাংলাদেশ বাছাইপর্বে তৃতীয় হয়েছিল। শেষ মুহূর্তে আয়োজকরা নিয়ম পাল্টে তৃতীয় স্থানে থাকা দলকেও খেলার আমন্ত্রণ জানায়।









