ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে বৃহস্পতিবার চার মেয়েসহ পুরো পরিবারের একটি হাসিখুশি ছবি পোস্ট করে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে ভেনেসা জানিয়েছেন, এ ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছেন তিনি। বলেন, ‘আমাদের যন্ত্রণা বোঝানোর মতো ভাষা নেই আমাদের কাছে।’
‘পোস্টে ভেনেসা লিখেছেন: ‘আমার প্রিয় স্বামী ও আমার সন্তানদের অসাধারণ বাবা কোবে এবং আমার সুন্দর, মিষ্টি, আদরের চমৎকার মেয়ে, ন্যাটালিয়া, বিয়াংকা ও ক্যাপ্রির প্রিয় বোন জিয়ানার আকস্মিক মৃত্যুতে আমরা পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছি।
আমার ইচ্ছা হচ্ছে, তারা যদি চিরকাল আমাদের সঙ্গে থাকত। আশীর্বাদরূপী এই মানুষ দু’টোকে খুব দ্রুত আমাদের কাছ থেকে কেড়ে নেয়া হলো। আমি জানি না আজকের পরের দিনগুলোতে আমাদের জীবনে কী আসতে যাচ্ছে এবং তাদেরকে ছাড়া জীবন কল্পনা করাও আমাদের জন্য অসম্ভব।’
এই ভয়াবহ সময়ে যারা পাশে থেকেছেন, আত্মীয়, বন্ধু-পরিজনসহ জনগণের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য নিজের এবং মেয়েদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান ভেনেসা।
একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য তিনি মামবা স্পোর্টস ফাউন্ডেশন নামে একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন।
গত ২৬ জানুয়ারি ক্যালিফোর্নিয়ার কালাবাসাসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্ট নিহত হন। ওই ঘটনায় তার চার মেয়ের একজন, ১৩ বছর বয়সী জিয়ানাসহ নিহত হন আরও আটজন।
মামবা স্পোর্টস অ্যাকাডেমিতে আয়োজিত একটি স্থানীয় যুব বাস্কেটবল টুর্নামেন্টে জিয়ানার দলটিকে খেলা বিষয়ে পরামর্শ দিতে যাচ্ছিলেন ৪১ বছর বয়সী ব্রায়ান্ট।
নিহতদের মধ্যে রয়েছেন টুর্নামেন্টে অংশ নেয়া আরও দু’জন ১৩ বছর বয়সী কিশোরী, তাদের তিনজন অভিভাবক, হেলিকপ্টারের পাইলট এবং দলটির কোচ।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে ওই সময় লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে অবস্থিত এলাকাটিতে ঘন কুয়াশা থাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।