নির্ধারিত সময়ের আগেই উন্মুক্ত হল জনপ্রিয় পপ গায়িকা টেইলর সুইফটের আলোচিত স্টুডিও অ্যালবাম ‘রেপুটেশন’। আগে থেকেই ঘটা করে বলা হয়েছিল রেপুটেশন বাজারে আসছে নভেম্বরের ১০ তারিখে। কিন্তু তার তিনদিন আগেই অ্যালবামের গানের টাইটেলগুলো উন্মুক্ত করে দেন তিনি। কিন্তু কেন এমনটি করলেন সে বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়ে টেইলর সামাজিক মাধ্যমে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, ‘তিন দিন আগেই রেপুটেশন চলে এলো’।
এদিকে শোনা যাচ্ছে, মুক্তির আগেই কিভাবে যেন টেইলরের গানগুলো চুরি করে অনলাইনে ছেড়ে দেয়া হয়। আর তাই তড়িঘড়ি করে গানের মুক্তি দিতে বাধ্য হন টেইলর। কিন্তু এ নিয়ে এখনো পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি তার থেকে।
রেপুটেশন টেইলরের ষষ্ট স্টুডিও অ্যালবাম। এতে মোট ১৫ টি গান স্থান পেয়েছে। এর আগে অ্যালবামটির গর্জিয়াস গানটির একটি টিজার ইতিমধ্যেই সবার প্রশংসা কুড়িয়েছে। অ্যালবামটির ‘ইন্ড গেইম’ গানটির ফিচারিং এ আছেন আরেক পপ তারকা এড শিরান।
রেপুটেশনের উল্লেখযোগ্য গানগুলো হল – রেডি ফর ইট?, আই ডিড সামথিং ব্যাড, ডোন্ট ব্লেম মি, লুক হোয়াট ইউ মেইড মি ডু, কিং অফ মাই হার্ট, কল ইট হোয়াট ইউ ওয়ান্ট’।
তবে টেইলরের ব্যাক্তিগত ওয়েবসাইট ও আইটিউনে প্রি-অর্ডারের ভিত্তিতে অ্যালবামের গানগুলো শোনা যাবে আপাতত। ২০১৪ সালে প্রকাশ পেয়েছিল টেইলর সুইফটের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘নাইন্টিন এইটি নাইন’, প্রকাশের এক সপ্তাহের মধ্যেই অ্যালবামটির ১২ লাখ কপি বিক্রি হয়।
বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীদের তালিকায় এখন এক নম্বরে আছেন টেইলর। সেটাকেই আরও কিছু দিন ধরে রাখতে চান অন্তত। গানের জগতে টেইলর সুইফের আগমন মূলত ২০০৬ থেকে। সে বছর মুক্তি পায় তার প্রথম গান ‘ ‘টিম ম্যাকগ্রো’। ই! অনলাইন










