সাবেক তারকা ক্রিকেটারদের অংশগ্রহনে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে হাবিবুল বাশার সুমনের খুলনা মাস্টার্স একাদশ। ফাইনালে তারা সেলিম শাহেদের নেতৃত্বাধীন অলস্টার্স মাস্টার্স’কে ৪ উইকেটে হারিয়েছে।
মিরপুরের হোম অফ ক্রিকেটে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অল স্টার্স মাস্টার্স। জাভেদ ওমরের ১৭, পাপ্পুর ২৭ এবং লাভলু’র ২৩ রানে নির্ধারিত ১৮ ওভারে অল স্টার্স মাস্টার্স ৬ উইকেটে ১২৪ রান করে।
জবাবে অধিনায়ক হাবিবুল বাশারের ২৮ রান ও সেলিমের ১৫ রানের দুই ইনিংসে খুলনা মাস্টার্স ৩০ ডেলিভারি আগেই ৬ উইকেট হারিয়ে টার্গেটে পৌঁছে যায়।
ম্যাচ জেতানো ইনিংসের জন্য ফাইনালের সেরা পারফর্মার নির্বাচিত হয়েছেন খুলনার অধিনায়ক হাবিবুল বাশার সুমন। টুর্নামেন্ট সেরা’র পুরস্কার জিতেছেন অলরাউন্ডার মোহাম্মদ রফিক।
আয়োজকদের পক্ষ থেকে কোচ, সংগঠক ও তিন ক্রীড়া সাংবাদিককে অজীবন সম্মাননা জানানো হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি।









