মাশরাফী বিন মোর্ত্তজার অধিনায়কত্বের ফিফটির ম্যাচে তৃতীয় ওয়ানডের মূল একাদশে জায়গা পেয়েছেন ওপেনার সৌম্য সরকার। বাদ পড়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। তার জায়গায় খেলবেন মেহেদী হাসান মিরাজ। সাউথ আফ্রিকা টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় টেস্টের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। ইস্ট লন্ডনের এমন ম্যাচে ইনজুরির কারণে নেই দলের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।
মুখরক্ষার এই ম্যাচ অধিনায়ক মাশরাফীর জন্য মাইলফলকের। এই ম্যাচে দেশকে নেতৃত্ব দিতে নামবেন ৫০তম ওয়ানডেতে। ২০০১ সালে আন্তর্জাতিক অভিষেক হয় মাশরাফীর। আর ২০০৯ সালে তিন ধনের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান।
মাশরাফী ওয়ানডেতে এ পর্যন্ত বাংলাদেশকে ৪৯টি ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ২৭টিতে। যার ১৮টি দেশের মাটিতে। বাকি ৯টি বিদেশে। বিপরীতে ২০ হারের মাত্র পাঁচটি দেশের মাটিতে, ১৫টি বিদেশে। ম্যাশের নেতৃত্ব দেওয়া দুটি ম্যাচে কোনও ফল হয়নি। জয়ের শতকরা হার ৫৫.১।
বাংলাদেশ দলে দুই পরিবর্তন থাকলেও সাউথ আফ্রিকায় পরিবর্তন তিনটি। হাশিম আমলা, জেপি ডুমিনি ও প্রিটোরিয়াসের জায়গায় প্রোটিয়া একাদশে ঢুকেছেন টেম্বা বাভুবা, এইডেন মার্করাম এবং উইয়ান মুল্ডার।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।









